২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের নিরঙ্কুশ জয়ে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2019, 12:24 PM

Updated : 08 Apr 2022, 03:39 PM

বুধবার রুহানি এ শুভেচ্ছা বার্তা পাঠান বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়।

গত ৩০ ডিসেম্বর এ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে মাত্র সাতটি আসন পেয়েছে।

এই বিপুল বিজয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট, টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা।

২০০৯ সাল থেকে একটানা সরকার প্রধানের দায়িত্বে থাকা শেখ হাসিনা এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল মেয়াদেও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।

ভোটের ফলাফল আসার পরপরই সোমবার সকালে শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুভেচ্ছাবার্তা পাঠান বুধবার।

এছাড়া চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, সৌদি আরবের বাদশা ও যুবরাজ, কাতারের আমির, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং ভারতীয় কংগ্রেসের পার্লামেন্টারি চেয়ারপারসন সোনিয়া গান্ধী আওয়ামী লীগের বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।