২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিস্থিতি ভয়াবহ: ঐক্যফ্রন্ট

নির্বাচনের পরিস্থিতি ‘ভয়াবহ’ দাবি করে এজন্য ক্ষমতাসীন দলকে দায়ী করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2018, 10:37 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

একাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের তিন দিন আগে বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে ফ্রন্টের অন্যতম নেতা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু বলেন, “আজকেও আমার নির্বাচনী এলাকায় (ঢাকা-৭) আমাদের কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। সারাদেশে এরকম অবস্থা।

“রাষ্ট্রপতির এলাকা থেকে ধানের শীষের প্রার্থী ফজলুর রহমান আমাকে জানিয়েছেন, পুলিশ তাদের বলে দিয়েছে এলাকা থেকে বেরিয়ে যেতে, না হলে পরিণতি ভালো হবে না। এই যদি অবস্থা হয়, তাহলে আপনরা বোঝেন, কী অবস্থা?

“আসলে পরিস্থিতি এত ভয়াবহ যে ভাষায় বোঝাতে পারব না। আপনারা (সাংবাদিক) সহকর্মীদের মাধ্যমে সব কিছু জানতে পারছেন। আমরা বলে বোঝাতে পারব না যে কী অবস্থায় আমরা আছি।”

এই পর্যায়ে গণফোরামের নির্বাহী সভাপতি ও ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী সুব্রত চৌধুরী বলেন, “আমার কাছে মনে হয়েছে, পুরো বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে সরকার। এই কারাগারের মধ্যে সকলে বিরোধী দলীয় নেতা-কর্মী।

“গত কয়েক সাপ্তাহে আমার নির্বাচনী এলাকা ঢাকা-৬ আসন থেকে তিন‘শ নেতা-কর্মী গ্রেপ্তার করা হয়েছে। নতুন নতুন মামলা দিয়ে তাদের জামিনও বন্ধ করে রেখেছে। আমাদের কর্মীরা যখনই নামে, বিড়াল ছানার মতো ধরে নিয়ে যায়।”

“ঢাকাসহ সারাদেশের অবস্থা দেখে আমাদের মনে হচ্ছে, একটা রক্তক্ষয়ী নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি,” বলেন তিনি।

সেনা মোতায়েন নিয়ে সুব্রত বলেন, “জনগণ আশা করেছিল, সেনাবাহিনী মাঠে নামলে পরিবেশ উন্নত হবে, বিরোধী দলীয় নেতা-কর্মীরা প্রচার-প্রচারণা করতে পারবে। আমাদের সেই আশা হতাশায় পরিণত হয়েছে।

“সেনাবাহিনীর প্রতি আমাদের আবেদন, এখন পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে, ভবিষ্যতে যেন না ঘটে, আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

সুব্রত দাবি করেন, দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য ‘উতলা’ হয়ে আছে, ৩০ ডিসেম্বর তারা ভোট কেন্দ্রে যেতে পারলে ‘নীরব ভোট বিপ্লব’ হয়ে যাবে।

পুরানা পল্টনে জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিভিন্ন স্থানে সহিংসতার চিত্র তুলে ধরেন ফ্রন্টের সমন্বয়ক কমিটির প্রধান গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক।

সংবাদ সম্মেলনে বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী, শাহ আহমেদ বাদল, বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অপর্ণা রায়, গণফোরামের মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক, গণদলের গোলাম মওলা চৌধুরী, মানবাধিকার সংস্থার মোহাম্মদ শাহজাহান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নুরুল হুদা মিলু চৌধুরী উপস্থিত ছিলেন।

ঐক্যফ্রন্টের ওয়েবসাইট-ফেইসবুক পাতা

নির্বাচনী প্রচারের জন্য ফেইসবুকে একটি পেইজ ও একটি ওয়েবসাইট খুলেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর ঠিকানা হচ্ছে  facebook.com/jatiyaoikya এবং jatiyaoikyafront.org।

ফ্রন্টের মিডিয়া উইংয়ের প্রধান মেহেদী মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পেইজ থাকলেও সেগুলো জাতীয় ঐক্যফ্রন্টের সাথে যুক্ত নয়। ফ্রন্টের নেতা-কর্মী-সমর্থকদের এই দুইটি ওয়েব পেজের সাথে সংযুক্ত হওয়ার অনুরোধ জানানো হল।”