২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর সদর বিএনপির সভাপতি আওয়ামী লীগে

ফরিদপুর সদরের বিএনপির সভাপতি রউফ-উন-নবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ইছার ছোটভাই কোতয়ালীর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলী কুটু আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2018, 04:15 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

শনিবার রাতে ফরিদপুর শহরের কৈজুরী ইউনিয়নের তুলাগ্রাম মাঠে ফরিদপুর-৩ আসনের এক নির্বাচনী জনসভায় সংসদ সদস্য প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য  ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন হাতে ফুল দিয়ে কয়েকশ নেতাকর্মীকে নিয়ে আওয়ামী লীগে যোগ দেন তারা।

অনুষ্ঠানে রউফ-উন-নবী নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন, “৬২ বছরের জীবনে ৪০ বছর বিএনপি করেছি। কিন্তু জীবনের শেষ সময়ে এসে মনে হচ্ছে ভুল করেছি। আসলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ পারে দেশের উন্নয়ন করতে। গত ১০ বছর ফরিদপুরের বিভিন্ন উন্নয়নে ও খন্দকার মোশাররফ হোসেনের কর্মকাণ্ডে খুশি হয়ে আওয়ামী লীগে যোগদান করলাম। মরার আগ পর্যন্ত এই দলের একজন কর্মী হয়ে বেঁচে থাকতে চাই।”

কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইফতেখার হোসেন ইকু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনও বক্তব্য দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।