পার্কিং ইজারায় খোকার দুর্নীতির মামলার রায় বুধবার
রাজধানীর বনানীর ডিসিসি সুপার মার্কেট হাউজিং কমপ্লেক্সের বেসমেন্টের কার পার্কিং ইজারায় দুর্নীতি ঘটনায় সাত বছর আগের এক মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সাজা হবে কিনা তা জানা যাবে বুধবার।
ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান খান এই রায় ঘোষণা করবেন।
বিচারক গত ১২ নভেম্বর রায় ঘোষণার জন্য ১৯ নভেম্বর দিন ঠিক করেছিলেন। কিন্তু ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ২৮ নভেম্বর ধার্য করেন।
খোকা ছাড়াও মামলায় আরো তিনজন আসামি রয়েছেন। এরা হলেন- ঢাকা সিটি করপোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলার্ক কার পার্কিংয়ের ম্যানেজার এইচ এম তারেক আতিক।
রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনাকারী দুদকের আইনজীবী রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটির বিচার দীঘর্দিন হাই কোর্টে স্থগিত ছিল। বিচারকালে ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।
সাদেক হোসেন খোকা (ফাইল ছবি)
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী সাদেক হোসেন কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন।
২০১৫ সালের ২৯ নভেম্বর মামলাটিতে আসামিদের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা অভিযোগ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে পাঠানো হয়।
২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম এই মামলা দায়ের করেন।
ওই বছরের ৮ নভেম্বর দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগপত্র জমা পড়ে।
মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ডিসিসির বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের বেসমেন্টের কার পার্কিং ইজারার জন্য ২০০৩ সালের দরপত্র আহ্বান করেন।
জমা পড়া চারটি দরপত্রের মধ্যে মিজানুর রহমান নামের ব্যক্তি বার্ষিক এক লাখ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। কিন্তু পরবর্তীতে সাদেক হোসেন খোকা অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে ইজারার কার্যক্রম স্থগিত করেন।
এর মাধ্যমে ২০০৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের ৩০ লাখ ৮২ হাজার ৩৯৯ টাকা ক্ষতি হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
