শাজাহান খানের মিছিলে বোমার মামলার প্রতিবেদন দাখিল পিছিয়েছে
নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে।
মঙ্গলবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত কর্মকর্তা তা জমা না দেওয়ায় ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী আগামী ৬ ডিসেম্বর নতুন তারিখ রেখেছেন।
আদালতের সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কার্যালয় থেকে জানা যায়, এনিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৩৫ বার পেছাল।
প্রতিবেদন কেন জমা পড়ছে না- জানাতে চাইলে তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. ফজলুল হক এর আগে বলেছিলেন, “ওই ঘটনায় প্রচুর লোক আহত হযেছিলেন। ভিকটিমদের নাম-ঠিকানা সংগ্রহ করতে সময় লেগেছে। তাছাড়া এ মামলায় অজ্ঞাতনামাদের মধ্য থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সুষ্ঠু তদন্তে সময় লাগছে।”
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি শাজাহান খান নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের বাড়ি ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে মিছিল শুরুর পর বোমা হামলা হয়েছিল।
এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু বাদী হয়ে গুলশান থানায় খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
