প্রধানমন্ত্রী অন্যদের সঙ্গেও বসতে রাজি: কাদের
কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্ট ও এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্টের পাশাপাশি অন্য রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রাজি আছেন’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “শুধু ঐক্যফ্রন্ট বা যুক্তফ্রন্ট নয়, প্রধানমন্ত্রী বলেছেন, অন্যান্য দলের সাথেও সংলাপে বসতে রাজি, সময় একটি ব্যাপার, শিডিউলের (তফসিল) বিষয় আছে, তবে প্রধানমন্ত্রী আন্তরিক। এর মধ্যে শিডিউল ঘোষণা হয়ে যাবে, প্রধানমন্ত্রীর টাইট শিডিউল রয়েছে, এর মধ্যে করতে হবে।”
নির্বাচন নিয়ে বিরোধপূর্ণ অবস্থানের মধ্যেই বিএনপিকে নিয়ে গঠিত কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৃহস্পতিবার সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
পরদিন শুক্রবার গণভবনে বৈঠকের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি গেছে বিকল্প ধারার সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান বি চৌধুরীর কাছে।
একই সঙ্গে বিরোধী দল ও সরকারে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও সংলাপের সুযোগ চেয়ে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছেন।
ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টকে পাঠানো আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী জানিয়েছেন,গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ‘সংবিধানসম্মত সকল বিষয়ে’ আলোচার জন্য তার দরজা সব সময় উন্মুক্ত।
বৃহস্পতিবারের সংলাপ প্রসঙ্গে কাদের বলেন, “আলোচনা থেকে অনেক কিছুই জানা যাবে। আলোচনার কিছু নির্দিষ্ট করা নেই, যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, প্রধানমন্ত্রী কোনো প্রি-কনডিশন দেননি। ঐক্যফ্রণ্ট, বিকল্প ধারা প্রস্তাব দিয়েছেন। তারা চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার জন্য।”
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুই মামলায় খালেদা জিয়ার সাজার রায় এ আলোচনার পথে বাধা হবে বলে তিনি মনে করেন না।
“রায় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ দেয়নি, রায় দিয়েছে আদালত। লিগ্যাল ম্যাটারের সাথে ডায়লগের কি সম্পর্ক? ডায়লগ ডায়লগের মত চলবে। যেহেতু কোনো প্রিকনডিশন এখানে নেই, তারা আলোচনা করতে পারে, কিন্তু এ বিষয় তো একেবারে আদালতের বিষয়।”
ঐক্যফ্রন্টের সাত দফা দাবির কিছু বিষয় সংবিধানের সঙ্গে মেলে না। সেক্ষেত্রে সংলাপ হলেও ওইসব বিষয়ে কী ফলাফল আসতে পারে জানতে চাইলে কাদের সাংবাদিকদের বলেন, “ডায়লগে যেটা নিয়ে আলোচনার সুযোগ আছে, আগে থেকে কেন আমি সে বিষয়ে মন্তব্য করব?”
সংলাপের ফলাফল নিয়েও আগাম কোনো মন্তব্য করতে চান না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “আলোচনা হবে, কী রেজাল্ট বের হবে তা তো বলতে পারছি না। আমরা আমাদের দলে এ ধরনের ডায়লগের পক্ষে ছিলাম না, এটা তো ওপেন। আমার যা বলেছি স্ট্রং ভয়েস। আমাদের নেত্রী দূরদর্শী লিডার, যা সঠিক মনে করেছেন তার সঙ্গে আমরা সবাই অভিন্ন মত প্রকাশ করি। এখন আগাম কোনো মন্তব্য থেকে বিরত থাকতে চাই। সংবিধানের বিষয় আছে, আইন-আদালতের ব্যাপার, কিছু বিষয় আছে নির্বাচন কমিশনের বিষয়।”
সংলাপকে দলমত নির্বিশেষে বেশিরভাগ মানুষ সমর্থন দিচ্ছে এবং প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানাচ্ছে মন্তব্য করে কাদের বলেন, “পজেটিভ লেখেন। সময়টা খুব খারাপ। সংলাপে আমাদের তরফ থেকে ২০ জনের মতই থাকবে।”
এর আগে ফ্রান্সের রাষ্ট্রদূত মারি আন বোখতা এবং জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিনজ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকের বিষয়ে কাদের সাংবাদিকদের বলেন, “তারা খুব আশাবাদী যে সংলাপের মাধ্যমে একটি ভাল নির্বাচন হবে। নির্বাচনের সময় আচারণবিধি তাদের জানানো হয়েছে। দুই রাষ্ট্রদূতই সংলাপের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।”
