২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ক্ষমতার স্বপ্ন তাসের ঘরের মত ভেঙ্গে পড়বে: কাদের

বিএনপির ক্ষমতার স্বপ্ন অচিরেই তাসের ঘরের মত ভেঙ্গে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2018, 08:18 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

বুধবার সকালে রাজধানীর শ্যামলীতে  সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য ১৪ তলা আবাসিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনা সরকারের ক্ষমতাকেন্দ্রীক উচ্চভিলাষি কোনো সৌধ নেই, স্বপ্নের কোনো প্রাসাদ নেই, যেটা তাসের ঘরের মত ভেঙ্গে পড়বে। আমাদের ভিত বাংলাদেশের মাটির অনেক গভীরে, দৃঢ়ভাবে প্রতিথ, এটা তাসের ঘর নয় যে ভেঙ্গে যাবে, এটা জনগণের ভিত, এটা গণভিত। কাজ দিয়ে, কর্ম দিয়ে, আদর্শ দিয়ে শেখ হাসিনা, বঙ্গবন্ধু, আমাদের পূর্ব পুরুষেরা এই সৌধ, এই স্ট্রাকচার নির্মাণ করেছে।

“আমি বিএনপিকে বলতে চাই আপনারা আজ ক্ষমতাকেন্দ্রীক যে ময়ূর সিংহাসনের স্বপ্ন দেখছেন, অচিরেই এই স্বপ্ন তাসের ঘরের মত ভেঙ্গে পড়বে ।”

ভোটের আগে খালেদার মুক্তির জন্য জোরাল কর্মসূচি দেওয়া হবে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে কাদের বলেন, “ ফখরুল সাহেব বলেছেন, ভোটের আগে খালেদার মুক্তির জন্য জোরাল কর্মসূচি দেবেন। ফখরুল সাহেব, নয় বছরে যা পারলেন না, তিন মাসে তা পারবেন এটা দেশের মানুষ বিশ্বাস করে না।”

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার না করা এবং সব রাজনৈতিককর্মীর মুক্তি নিশ্চিত করা নিয়ে নতুন জোট যুক্তফ্রণ্টের দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “আমি তাদের আহ্বানের জবাবে বলতে চাই, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যারা রাজনীতি করে, যারা ইতিবাচক রাজনীতি করেন, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, সন্ত্রাসের অভিযোগ নেই, সন্ত্রাস বা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হওয়ার কোনো অভিযোগ নেই, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে না।

“ কিন্তু যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, মামলা আছে, আইনের বিচারে যারা অপরাধী অপকর্মকারী তাদেরকে অবশ্যই জনগণের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলার স্বার্থে গ্রেপ্তার না করার কোনো কারণ নেই।”

যুক্তফ্রন্টের নেতারা সেপ্টেম্বরে নিরপেক্ষ আন্দোলনের যে ঘোষণা দিয়েছেন সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “ফ্রন্টের নেতৃবৃন্দদের সবিনয়ে বলব, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না। দেশে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।

অহিংস গণতান্ত্রিক আন্দোলনে কোনো আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, আন্দোলন সহিংস হলে জনগণের নিরাপত্তার স্বার্থে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।