২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে কোনো জবাবদিহিতা নেই: ফখরুল

বাংলাদেশে এখন কোনো জবাবদিহিতা নেই মন্তব্য মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2018, 10:45 PM

Updated : 19 Aug 2022, 02:29 PM

গুম ও নিখোঁজ হওয়া দলের নেতা-কর্মীর নিয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সোমবার এই মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, “ভয়াবহ একটা পৈশাচিক কারাগারে বাস করছি আমরা। আমাদের সন্তানদের তুলে নিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদের রক্ষা করা, সেই রাষ্ট্রের আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে গেছে।

“বর্তমানে বাংলাদেশে এই নির্যাতন-নিপীড়নের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে সম্ভবত এদেরকে কারও কাছে জবাবদিহিও করতে হয় না। ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যা, নিখোঁজ করে দেওয়া, পুলিশের কাস্টডিওতে নির্যাতন, প্রকাশ্যে গুলি করা অসংখ্য  ঘটনা।”

কোটা সংস্কার ও নিরাপদ সড়কের আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরকারের দমন নীতিরও সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে। যেখানে জনগণের কোনো স্বাধীনতাই নেই, তার সমস্ত মৌলিক অধিকার হরণ করা হয়েছে। বেঁচে থাকার কোনো নিরাপত্তা নেই, প্রতিবাদ করা যাবে না।”

স্বজনহারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে ফখরুল বলেন, “এই বুক ফাটা আর্তনাদ তাদের কানে পৌঁছাবে কি না, জানি না। তবে আল্লাহতালার কাছে পৌঁছাবে। আমরা বিশ্বাস করি আল্লাহ এর বিচার করবেন।”

কারাগারে থেকেও খালেদা জিয়া এবং লন্ডনে থেকেও তারেক রহমান বিষয়গুলো নিয়ে খোঁজ-খবর রাখছেন বলে জানান বিএনপি মহাসিচব।

“আমি শুধু বলতে চাই, আপনারা নিজেদের অসহায় ভাববেন না। এদেশের মানুষ আপনাদের সঙ্গে আছে। আপনাদের কষ্ট জাতির কষ্ট। এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। যে ভয়াবহ দানব আমাদের বুকের ওপর চেপে বসে আছে, এই দানবকে অপসারণ করতে হবে।”

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই অনুষ্ঠানে গুম-খুন হওয়া পরিবারের কয়েকজন তাদের স্বজনদের সন্ধানে অশ্রুনয়নে বক্তব্য রাখেন।

ছোট শিশু বিধি তার বাবাকে পাওয়ার প্রতীক্ষার কথা বলার সময় কান্নায় ভেঙে পড়লে বিএনপি মহাসচিবও কান্না ধরে রাখতে পারেননি।

এই পরিবারের সদস্যদের দলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা উপহার দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে  সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, চেয়ারপারসনের বিশেষ সহকারী আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।