আমি তো ভোটের প্রচারে যেতে পারছি না: কাদের
সিটি নির্বাচনে হেরে যাওয়ার শঙ্কা থেকে বিএনপি আগাম নানা অভিযোগ তুলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পাল্টায় তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিসেবে তার ভোটের প্রচারে থাকতে না পারার বিষয়টি তুলে ধরেছেন।
বৃহস্পতিবার ঢাকার এলেনবাড়িতে বিআরটিএ কার্যালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, “আমার কাছে মনে হচ্ছে, বিএনপি নির্বাচনের আগেই হেরে যাচ্ছে। নির্বাচনটা এখনও হলই না, তারা হাইপোথেটিক্যাল কিছু প্রশ্ন করছে।
“তাহলে কি হেরে যাওয়ার আশঙ্কা করছেন? সে জন্যই আগাম কিছু অভিযোগ রেখে যাচ্ছেন? যাতে হেরে গেলে এগুলোকে গ্রাউন্ড হিসেবে তুলে ধরতে পারেন। আমি সেটাই বলব।”
‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে কাদের বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড বলতে উনি (ফখরুল) কী বোঝাতে চান? ওবায়দুল কাদের কি কোনো সিটি নির্বাচনের সময় কোনো সিটির আশেপাশেও গেছেন?
“ফখরুল ইসলাম সাহেব তো যেতে পারে। তাহলে এখানে লেভেল প্লেয়িং ফিল্ড কোথায় থাকে? এক পার্টির সাধারণ সম্পাদক যেতে পারবে, আরেক পার্টির সাধারণ সম্পাদক যেতে পারবে না।”
মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের ভোটের প্রচারে অংশ নিতে পারেন না।
কাদের বলেন, “উনি যাবেন আমি যাব না, এটা নিয়ে যদি উনি প্রশ্ন তোলেন, তাহলে উনাকেও প্রশ্ন করতে হবে। উনি যাচ্ছেন, আর আমি যেতে পারছি না। এখানে আমিই তো বলতে পারি কোথায় লেভেল প্লেয়িং ফিল্ড?”
