২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের ‘ডানা মেলে উড়তে’ আহ্বান ফখরুলের

বাংলাদেশে এখন ‘অস্বাভাবিক পরিস্থিতি’ শিশুদের ‘ডানা মেলে উড়তে’ আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2018, 11:52 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

বৃহস্পতিবার জিয়া শিশু একাডেমির এক অনুষ্ঠানে তিনি বিরোধী দলের উপর সরকারের দমন-পীড়নের দিকে ইঙ্গত করে শিশুদের প্রতি এই আহ্বান জানান।

ফখরুল বলেন, “আমাদের চারদিকে কেমন যেন একটা অস্বস্তিকর পরিবেশ। যদি গোটা বিশ্বের দিকে তাকাই- যুদ্ধ, বিগ্রহ, হত্যা, অন্যায় চলছে; আমাদের বাংলাদেশেও

“কখনও কখনও মনে হয়, আসলে কি চারিদিকে অন্ধকার? আলো কী নিই? অবশ্যই আলো আছে। এই আলোর সন্ধানেই তো আমরা আমাদের শিশুরা এগুচ্ছে। নিশ্চয়ই একদিন আমরা হাস্যোজ্জ্বল শিশুদের দেখতে পাব, আমরা সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাব।”

“শিশুদের বলব, তোমরা পাখা বন্ধ কর না, তোমরা উড়ে যাও। একদিন না একদিন তোমরা তীরে পৌঁছাবেই,” বলেন বিএনপি মহাসচিব।

ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এই অনুষ্ঠানে জিয়া শিশু একাডেমির উদ্যোগে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও অভিনয়ে শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলা কুঁড়ি’ সূচনা হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে ৭৫ জন ক্ষুদে শিল্পীদের নিয়ে ৩৬টি পর্বের মাধ্যমে নির্বাচিত হবে শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন।

উদ্বোধন অনুষ্ঠানে জিয়া শিশু একাডেমির হুমায়ুন কবীর, চলচ্চিত্রকার ছটকু আহমেদ, সোহানুর রহমান সোহান, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, জিনাত রেহানা, ইভান শাহরিয়ার সোহাগ, মেহবুবা মাহনুর চাঁদনী বক্তব্য রাখেন।

‘ভোটারশূন্য নির্বাচনের পাঁয়তারা’

রাজশাহী, খুলনা ও সিলেট সিটিতে ‘ভোটারশূন্য’ নির্বাচনের পাঁয়তারা সরকার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “তিন সিটিতে এ্রখন ক্ষমতাসীনদের দাপট ও দৌরাত্ম্য বীভৎস রূপ নিয়েছে। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ক্যাডাররা ভোটারশূন্য নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে। পুলিশও এই প্রস্তুতিতে সহায়তা করছে বলে আমাদের কাছে খবর আসছে।”

বুধবার ভোলার তজুমুদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ‘ভোটারবিহীন’ হয়েছে বলে দাবি করে তার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন ওই এলাকার সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভোলার তজুমউদ্দিনের এই নির্বাচন একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন হয়েছে। যেখানে কোনো লোক ভোট কেন্দ্রে যায়নি, এমনকি আওয়ামী লীগের ভোটাররাও যায়নি। কোনো কেন্দ্রে ভোটারদের একটি লাইনও দেখা যায়নি।

“কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে, যার মৃত্যুর কারণে এই উপনির্বাচন হচ্ছে সেই সাবেক চেয়ারম্যান জসিম, তিনিও ভোট দিয়েছেন, আওয়ামী লীগের সভাপতি ফারুক পাটোয়ারী ও কাশেম পাটোয়ারী, তারাও ভোট দিয়েছেন, এলাকায় জীবিত-মৃত সবাই ভোট দিয়েছেন। ভোটের টার্নআউট হচ্ছে ৭৭ %।

“এই যে তজুমদ্দিন মডেলের নির্বাচন, যেখানে কোনো ভোটার যায় না, আর দেখানো হয় হাজার হাজার ভোট কাস্ট হয়ে যায়, এটা শঙ্কার বিষয়।”

তজুমদ্দিন উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী ফজলুল হক দেওয়ান ৬৯ হাজার ভোট  এবং ধানের শীষের প্রার্থী গোলাম মোস্তফা মিন্টু ২ হাজার ভোট পেয়েছেন।

রাজশাহী সিটি নির্বাচনে প্রচার শেষ করে ঢাকায় ফেরার পথে বিমানবন্দরে ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি শাহীনুর আলমকে গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন রিজভী।