ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।
বৃহস্পিতিবার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের সভানেত্রী হিসেবে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ এবং মোজাফ্ফর হোসেন পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য মুহম্মদ ফারুক খান, আব্দুর রাজ্জাক, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম এবং দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন- মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
