খালেদার সঙ্গে সরকারের আচরণ শত্রুর: নজরুল
রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শত্রুতা থাকা সমীচীন নয় অভিমত তুলে ধরে সরকার খালেদা জিয়ার সঙ্গে শত্রুতা করছে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা রাজনীতি করি, রাজনীতিতে প্রতিপক্ষ আছে, প্রতিদ্বন্দ্বী আছে কিন্তু রাজনীতিতে শত্রু থাকার কথা নয়।
“সরকার বেগম খালেদা জিয়াকে প্রতিদ্বন্দ্বী মনে করতে পারে, প্রতিপক্ষ মনে করতে পারে কিন্তু যে আচরণ তার সঙ্গে করছে সে আচরণ শত্রুর আচরণ। বাংলাদেশের জনগণ দেখছে সব কিছু। ”
কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের জামিনের প্রসঙ্গ তুলে ধরে নজরুল বলেন, “সম্পূর্ণ অন্যায়ভাবে সাজানো মিথ্যা মামলায় দেশনেত্রীকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। পরিত্যক্ত কারাগারে তাকে রাখা হয়েছে; তিনি অসুস্থ হলেও সরকার চিকিৎসার উদ্যোগ নিচ্ছে না।”
তিনি বলেন, “আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আইনের মাধ্যমে মুক্তির চেষ্টা করছি আমরা। সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যত চেষ্টা করা দরকার আমরা করছি আমরা।
আইনি প্রক্রিয়ায় তার মুক্তি অসম্ভব হলে সরকারের বিরুদ্ধে ‘শক্তিশালী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন’ গড়ে তুলে তোলার হুঁশিয়ারি দেন তিনি।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
সংগঠনের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম মনজুরের পরিচালনায় আলোচনা সভায় শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মেহেদি আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুল করিম মজুমদার, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মোল্লা, আসাদুজ্জামান বাবুল, মফিদুল ইসলাম মোহন, খন্দকার জুলফিকার মতিন, সুমন ভুঁইয়া ও মাহবুবুল আলম বাদল বক্তব্য দেন।
