২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্দুকযুদ্ধে’ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি

মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধের নামে সংঘটিত বিচারবর্হিভূত হত্যাকাণ্ডগুলোর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন আবদুল্লাহ আল নোমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 02:56 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকে মাদকবিরোধী অভিযানের নামে নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে, এসব হত্যাকাণ্ডের বিচার হতে হবে।

“আমরা মনে করি এসব হত্যাকাণ্ডের বিষয়ে উচ্চ আদালতের আপিল বিভাগ অথবা এর সমপর্যায়ের বিচারপতিদের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা প্রয়োজন। ম্যাজিস্ট্রেট দিয়ে অথবা প্রশাসন দিয়ে ওই তদন্ত কমিটি হলে প্রকৃতপক্ষে যারা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তারা কোনো দিন সুবিচার পাবে না।”

‘বন্দুকযুদ্ধে’ টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার প্রসঙ্গ টেনে আবদুল্লাহ আল নোমান বলেন, “আমরা মনে করি, একরাম (টেকনাফের পৌর কাউন্সিলর) হত্যার বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও ওবায়দুল কাদের (আওয়ামী লীগ সাধারণ সম্পাদক) যেসব বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন এই বক্তব্যের অর্থ কী?

“নির্দোষ যারা হত্যার শিকার -তাদেরকে রাজনৈতিক কারণে হত্যা করা হচ্ছে- এটা শুধু আমরা নই, সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো, বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো সবাই একবাক্যে বলছে, এই ধরণের আইনবর্হিভূত হত্যা চলতে পারে না। গণতান্ত্রিক সমাজে এই ধরণের হত্যা পাপ, এই ধরণের হত্যা অমানবিক, আইনবিরোধী।”

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়বাদী প্রজন্ম ’৭১ এর উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দলের এই ভাইস চেয়ারম্যান বলেন, “কোনো আলোচনায় অথবা কোনো বৈঠকে দেশনেত্রীকে সরকার ‍মুক্তি দেবে না। কারণ তাকে সবচেয়ে বড় বেশি ভয় পায় বলেই দেশনেত্রীকে কারাগারে রেখে তারা (সরকার) নির্বাচন করতে চায়।

“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তির জন্য আমাদের আন্দোলনকে বেগবান করতে হবে। এই আন্দোলন বেগবানের মধ্য দিয়ে দেশনেত্রী মুক্তি পাবেন। আসুন, সবাই মিলে আন্দোলন গড়ে তুলি, আন্দোলন গড়ে তুলি নির্বাচনের জন্য, আন্দোলন গড়ে তুলি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, আন্দোলন গড়ে তুলি গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য।”

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমীন ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার বক্তব্য দেন।