তারা শুধুই একদল বাটপার: জয়
বিএনপি নেতারা খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ে সন্দেহ প্রকাশ করায় তাদের ‘বাটপার’ আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।
বুধবার ফেইসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, “তারা শুধুই একদল বাটপার।”
মঙ্গলবার খুলনার নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ৬৬ হাজার ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেককে অভিনন্দন জানিয়েছেন জয়।
২৮৯টি কেন্দ্রের মধ্যে ২৮৬টির ঘোষিত ফল অনুযায়ী, খালেকের এক লাখ ৭৪ হাজার ৮৯১ ভোটের বিরপীতে মঞ্জু পেয়েছেন এক লাখ ৯ হাজার ২৫১ ভোট।
অবশ্য জয়ের হিসাবে বিএনপির প্রার্থী বিজয়ী প্রার্থীর তুলনায় ‘অর্ধেকেরও কম’ ভোট পেয়েছেন। তিনি লিখেছেন, খুলনা সিটি নির্বাচন নিয়ে ‘বিভিন্ন গুজব ছড়াচ্ছে’ বিএনপি।
অন্তত একশ কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে অভিযোগ তুলে ভোটের এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন মঞ্জু এবং তার দল বিএনপি।
এর জবাবে জয় লিখেছেন, “মোট ২৮৯টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র তিনটি অর্থাৎ ১ শতাংশ ভোট কেন্দ্রে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে এবং উক্ত কেন্দ্রগুলোতে ভোটগ্রহন বন্ধ রেখেছিল। বিএনপি কর্মীরাই বরং কেন্দ্রগুলো ভাংচুর করেছে, আবার এখন তারাই এটা নিয়ে গুজব ছড়াচ্ছে।”
বিএনপির ইভিএম বিরোধিতার সমালোচনা করে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় লিখেছেন, “সকল নির্বাচনে যদি ইভিএম ব্যবহার করা হত, তাহলে ভোট জালিয়াতি অসম্ভব হয়ে পড়ত। তারপরেও তারা এর বিরোধিতা করে যাচ্ছে।”
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়েও বিএনপি নেতৃবৃন্দ ‘ব্যাপক মিথ্যাচার’ করছেন বলে অভিযোগ করেন সজীব ওয়াজেদ জয়।
গত সপ্তাহে ফ্লোরিডা থেকে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, এই স্যাটেলাইটের মালিকানা ‘দুই ব্যক্তির কাছে চলে গেছে’, যদিও সেই দুই ব্যক্তির পরিচয় তিনি প্রকাশ করেননি।
এর জবাবে জয় লিখেছেন, বঙ্গবন্ধু-১ সম্পূর্ণভাবে বাংলাদেশ কমিউনিকেশনস স্যাটেলাইট কোম্পানির মালিকানাধীন, যা টেলিটক, বিটিসিএল এর মত শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
“এটার মালিকানা অন্য কোন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কথাটা আসলে টেলিটক বা বিমান বাংলাদেশকে ব্যক্তি মালিকানায় দিয়ে দেওয়ার মতোই। আইনগতভাবে যা অসম্ভব। আবারও, শুধুই মূর্খ ও অশিক্ষিত মানুষেরাই এই ধরণের কথা বলতে বা বিশ্বাস করতে পারে।”
ফেইসবুক পোস্টের শেষ অংশে জয় লিখেছেন, “যারা এতিমের টাকা চুরি করে, সাধারন মানুষকে পুড়িয়ে হত্যা করে তাদের কাছ থেকে আমরা আর কি আশা করতে পারি। খালেদা জিয়ার বিচার হয়েছে, তিনি এখন জেল খাটছেন। তার জায়গায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন মনোনীত করেছে আরেক সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে। তাদের কোন লজ্জা বা সততা নেই।”
