খালেদার স্বাস্থ্যের গুরুতর অবনতি ঘটেছে: ফখরুল
কারাগারে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকালে পুরনো ঢাকার পরিত্যক্ত কারাগারে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে তার পরিবারের সদস্যরা একথা জানিয়েছেন বলে রাতে জরুরি এক সংবাদ ব্রিফিংয়ে জানান তিনি।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদার জামিন প্রশ্নে মঙ্গলবার আপিল বিভাগের আদেশ হবে।
ফখরুল বলেন, “ম্যাডামের পরিবারের সদস্যরা বিকালে সাক্ষাতের পর তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, ম্যাডামের শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটেছে, অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন।
“বাম হাত ভারী বোধ করায় তিনি এখন নাড়াতেই পারছেন না। তার স্বাস্থ্যের অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। এতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”
খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি পুনর্বার জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “ এত বলার পরও কেন দেশনেত্রীকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না? সরকারের উদ্দেশ্যটা কী? তার কিছু হলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।”
ফখরুলের সঙ্গে থাকা চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল কুদ্দুস বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার বিষয়গুলো তুলে ধরে অতি দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে পাঠানোর আহ্বান জানান।
বিকালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার সেজ বোন সেলিমা ইসলাম, ছোট ভাই সাঈদ এস্কান্দরসহ পরিবারের পাঁচজন সদস্য। এক ঘণ্টার বেশি সময় পরে তারা কারাগারের ভেতরে ছিলেন।
