চাষিদের বাঁচাতে ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র চালুর দাবি
কৃষক যাতে ফসলের লাভজনক দাম পায়, সেজন্য ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।
সোমবার দেশজুড়ে জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিও দিয়েছে সংগঠনটি।
কেন্দ্রীয়ভাবে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করে কৃষক সমিতি।
সমাবেশে কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, চলতি বছর সরকারিভাবে বোরো ধানের দাম প্রতি মন ১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হলেও ক্রয় ব্যবস্থাপনা সরকারের নিয়ন্ত্রণে না থাকায় মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের ৫০০ থেকে ৬০০ টাকা দরে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে তারা লাভবান না হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
কৃষক সমিতির সভাপতি এসএমএ সবুর ধানের পাশাপাশি গম, সবজি ও পাটের লাভজনক দাম নির্ধারণ এবং অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে খোদ কৃষকের কাছ থেকে ফসল কেনার জন্য সরকারের প্রতি দাবি জানান। বোরো মৌসুমে চাল আমদানি স্থগিতের পাশাপাশি কৃষক বীমা চালুর দাবিও জানান তিনি।
সমাবেশে কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, নির্বাহী কমিটির সদস্য লাকী আক্তার, কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুজ্জামান শরিফ, সুনামগঞ্জের কৃষক ও হাওর আন্দোলনের নেতা চিত্তরঞ্জন তালুকদার, ঢাকা জেলা কমিটির সংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ঝন্টু, নারায়ণগঞ্জের কৃষক নেতা মনিরুজ্জামান চন্দন বক্তব্য রাখেন।
