আ. লীগ ব্যাংক থেকে ২ লাখ কোটি টাকা লুট করেছে: বিএনপি
ব্যাংক খাতকে লোপাট করে সরকার বাংলাদেশের অর্থনীতিকে ‘রক্তশূন্য’ করে দিচ্ছে বলে দাবি করেছে বিএনপি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশের ব্যাংক খাতের দুরবস্থার চিত্র তুলে ধরতে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি করেন।
তিনি বলেন, “ঋণের নামে ও বিভিন্ন কারসাজি করে গ্রাহকের প্রায় ২ লাখ কোটি টাকা লুটে নিয়েছে আওয়ামী লীগ নেতা-কর্মী, সমর্থক ও আওয়ামী মদদপুষ্ট গোষ্ঠী। প্রশাসনিক ছত্রছায়ায় নিয়ম-কানুনের তোয়াক্কা না করে ব্যাংকের মালিকানা জোর করে বদল করা হচ্ছে।
“ব্যাংকগুলোকে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও পরিবারতন্ত্র কায়েমে বেড়ে গেছে মুদ্রা পাচার ও খেলাপি ঋণের মাত্রা। এতে প্রথম সারির অর্থনীতিবিদরা অর্থনীতির জন্য অশনি সঙ্কেত বলে মনে করছেন। আমরা মনে করি, বর্তমানে সব ব্যাংকিং খাতে যে রক্তক্ষরণ হচ্ছে তা অচিরেই অর্থনীতিকে রক্তশূন্য করে ফেলবে।”
বর্তমান সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলে অর্থনীতির এই অবস্থা বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
“বর্তমান ভোটারবিহীন সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। তারা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ব্যাংকিং খাতকে লোপাট করে আরও টাকার পাহাড় গড়তে বেপরোয়া হয়ে উঠেছে।
“আমরা বলতে চাই, দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট এই সরকারের এহেন গণবিরোধী অর্থনীতি বিধ্বংসী কর্মকাণ্ড জনগণ কখনও ক্ষমা করবে না। একদিন জনতার আদালতে এদের বিচার হবে।”
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জনের সাফল্য যখন আওয়ামী লীগ সরকার উদযাপন করছে, তখন ব্যাংক খাতের চিত্র তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন করে বিএনপি।
বিএনপি ক্ষমতায় গেলে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে মহাসচিব ছাড়াও বিএনপি নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থনীতির ছাত্র ফখরুল ব্যাংক খাতের বিপর্যয়ের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যর্থতাকে প্রধানত দায়ী করেন।
তিনি বলেন, “অর্থ মন্ত্রণালয় অর্থনীতি সম্পর্কিত বিষয়গুলোতে ক্ষিপ্রতার সাথে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়েছে। আর্থিক খাতে সুশাসন না থাকার ফলে ব্যাংক লুটেররা বেপরোয়া হয়ে উঠেছে। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় আওয়ামী আর্শিবাদপুষ্ট মহল আরও উৎসাহিত হয়ে নানা কৌশলে অর্থ লুণ্ঠন করেই যাচ্ছে।”
খেলাপি ঋণের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক ডেপুটি গভর্নরের মতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণের নামে সব টাকা বের করে নিয়ে গেছে, এসব টাকা ফেরত আসার সম্ভাবনা নেই। এরজন্য পুরোপুরি দায়ী অর্থ মন্ত্রণালয়। কারণ অর্থমন্ত্রী নিজেই সরকারি ব্যাংকের এমডি-চেয়ারম্যান এবং পরিচালক নিয়োগ দেন।”
ফখরুল বলেন, “২০১৫ সালে ৫০০ কোটি টাকার বেশি ঋণ নিয়েছে এমন ১১ বড় ব্যবসায়ী গ্রুপের ১৫ হাজার কোটি টাকার পুনর্গঠনের নামে ঋণ নিয়মিত করে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে শীর্ষ খেলাপির তালিকা থেকে বাদ যায় আওয়ামী আশির্বাদপুষ্ট কয়েকটি বড় গ্রুপ। যার মধ্যে একটি গ্রুপের কর্ণধার বর্তমান প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন।
“বড় খেলাপিরা সবাই ক্ষমতাবান, প্রভাবশালী ও রাজনৈতিক আশির্বাদপুষ্ট। অন্যদিকে যাদের প্রয়োজন সেই ক্ষুদ্র ঋণ গ্রহণকারীরা উপেক্ষিত কারণ তাদের ক্ষমতা, রাজনৈতিক আশির্বাদ নাই।
“চমৎকার অর্থনীতি বলছে তার চিত্র দেখুন। সরকারি ব্যাংকের ২৫ শতাংশ ঋণ প্রায় ৪০ হাজার কোটি টাকা মাত্র ২০-২২ জন ঋণ গ্রহীতাকে প্রদান করা হয়েছে।”
গুটি কয়েক পরিবারের হাতে ব্যাংকের অর্থ কুক্ষিগত হয়ে পড়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, অন্যদিকে গ্রাম-গঞ্জে ছোট ছোট ব্যবসায়ীরা ঋণ পাচ্ছে না।
শৃঙ্খলা আনতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ব্যাংকের সমালোচনা যেমন করেছেন ফখরুল; তেমনি তাদের ক্ষমতা খর্ব করায় সরকারের সমালোচনাও করেন তিনি।
তিনি বলেন, “অতি সম্প্রতি ব্যাংক মালিকদের চাপের মুখে আরও ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি ব্যাংকগুলোর জন্য বাধ্যতামূলক নগদ জমার হার (সিআরর) এক শতাংশ কমিয়ে দিয়েছেন। ব্যাংক মালিকদের চাপে এহেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ ক্ষমতা খর্ব করা হল।”
খন্দকার মোশাররফ বলেন, “এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা জনগণের পকেট কেটে সেই অর্থ গুটিকয়েক মানুষের মধ্যে বিতরণ করছে, দুর্নীতির পাহাড় গড়ছে।”
মওদুদ আহমদ বলেন, “ব্যাংকের যে একটা আলাদা সত্ত্বা থাকে সেটা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে তারা। সমস্ত কিছুকে তারা রাজনৈতিক নিয়ন্ত্রণে নিয়ে গেছে।”
মঈন খান বলেন, “বাংলাদেশে একজন আটটা ব্যাংকের মালিক। কাজে মনোপলি কোথায় গেছে আজকে বাংলাদেশের অর্থনীতি সেক্টারের দিকে তাকালে সেটা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়।
“তিন দিন আগে প্রকাশিত জাতিসংঘের একটি রিপোর্টে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কী ধরনের লুটপাট হচ্ছে, তা বিশদভাবে এসছে। এককথায় বলতে চাই, আমাদের ম্যাক্রো ইকোনমির যে চিত্র, সেটা গভীর আশঙ্কার সম্মুখীন।”
আমীর খসরু বলেন, “বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ব্যাংকিং ডিভিশনটা বন্ধ করে দিয়েছিল। আমরা চাইনি রাষ্ট্র সরাসরি এখানে জড়িয়ে পড়ুক। তখন ব্যাংকিং সেক্টার রেগুলেটরি বোর্ড ছিল কেন্দ্রীয় ব্যাংকের হাতে।
“ব্যাংকিং সেক্টর মন্ত্রণালয়ের অধীনে আনার অর্থই হচ্ছে দুর্নীতি। যেটা আওয়ামী লীগ ক্ষমতায় এসে ব্যাংকিং ডিভিশনটা আবার চালু করেছে। রাজনৈতিক যে পৃষ্ঠপোষকতা তারা করেছে, সেটা ব্যাংকিং ডিভিশনের মাধ্যমে করে।”
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ বন্ধ করে দেবে বলে জানান তিনি।
