২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলাতে পারে আন্দোলনের ধরন: নজরুল

বিএনপির সক্ষমতা নিয়ে  ক্ষমতাসীন দলের নেতাদের প্রশ্ন তুলে আসার প্রেক্ষাপটে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের ধরন বদলানোর কথা বলেছেন নজরুল ইসলাম খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 12:15 AM

Updated : 19 Aug 2022, 02:01 PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রোববার এক আলোচনা সভায় বলেন, “আমরা এরশাদের বিরুদ্ধে বড় আন্দোলন করেছি। এই সরকারের বিরুদ্ধেও বড় আন্দোলন করেছি।

“আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। জনগণের স্বার্থে আন্দোলনের ধরনও পরিবর্তিত হতে পারে।”

নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় দশম সংসদ নির্বাচন বর্জনের পাশাপাশি ভোট ঠেকানোর ঘোষণাও দিয়েছিল বিএনপি। কিন্তু ব্যর্থ হয়েছে।

একাদশ সংসদ নির্বাচনের আগে আগের দাবির সঙ্গে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনও করতে হচ্ছে বিএনপিকে।

তাদের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, বিএনপির আন্দোলনের ‘মরা গাঙ্গে জল আসবে না’।  

নজরুল বলেন, “সরকার চেষ্টা করবে বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করার। কারণ বিএনপি নির্বাচনে আসলে তাদের জেতার কোনো সম্ভাবনা নাই। তারা জানে যে, বেগম খালেদা জিয়াকে ছাড়া আমরা নির্বাচনে যাব না। সেজন্য তারা তাকে বেআইনিভাবে আটকিয়ে রেখেছে।

“আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, দেশনেত্রীকে বাদ দিয়ে দেশে কোনো জাতীয় নির্বাচন হতে হবে না, জনগণ হতে দেবে না।”

খালেদাকে কৌশলে আটকে রাখা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “আমরা তারপরও আশা করি, ৮ তারিখে শুনানি আছে জামিনের। আমরা সঠিক সিদ্ধান্ত পাব।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এ্যাকটিভ সিটিজেন অব বাংলাদেশ’ আয়োজিত এই আলোচনা সভায় নজরুল ছাড়াও বক্তব্য রাখেন সাবেক সাংসদ আব্দুল গফুর ভুঁইয়া, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, নজমুল হক নান্নু, আমিরুল ইসলাম খান আলিম, ছাত্রদল সহসভাপতি নাজমুল আহসান, সংগঠনের সভাপতি মাহি বিশ্বাস।