মার্কসের শরণ নেওয়া এখন ঐতিহাসিক দায়: মেনন
পুঁজিবাদী বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য দূর করতে কার্ল মার্কসের তত্ত্ব প্রয়োগের উপর জোর দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
সরকারের এই মন্ত্রী বলেছেন, “আজ বাংলাদেশ রাষ্ট্রে উন্নয়নের ধারার বিপরীতে রয়েছে আয় বৈষম্য, সাম্প্রদায়িক মানসিকতা। সমাজে অগ্রসরতা যখন এসেছে, তখন তার বিপরীতে নেমে আসছে চরম বিপর্যয়।
“আজকে এমন অবস্থায় যারা সমাজে বিপ্লব চান, শ্রমিক শ্রেণির মুক্তি চান, সমাজে তাদের রাজ প্রতিষ্ঠা করতে চান, কার্ল মার্কসকে শরণ করা তাদের ঐতিহাসিক দায়।”
কার্ল মার্কসের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন মেনন।
পুঁজিবাদের স্বরূপ বিশ্লেষণ করে জার্মান দার্শনিক কার্ল মার্কস রচনা করেছিলেন অনন্য গ্রন্থ ‘ক্যাপিটাল’। মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস রচিত ‘কমিউনিস্ট ইশতেহার’ অনুসরণ এখনও সমাজতান্ত্রিক ও সাম্যবাদী দলগুলো পথ চলছে।
বিশ্বজুড়ে কমিউনিস্ট রাষ্ট্রগুলোর পতন ঘটলেও মার্কসের তত্ত্ব এখনও প্রাসঙ্গিকতা হারায়নি কমিউনিস্ট দলগুলোর কাছে।
মেনন বলেন, পুঁজিবাদ সম্পর্কে মার্কসের লেখা, চিন্তা-ভাবনা, বিশ্লেষণ ও পুঁজিবাদের সঙ্কট নিয়ে তার ভবিষ্যৎদ্বাণী সমাজতান্ত্রিক আন্দোলনের পথে আজও প্রাসঙ্গিক। পুঁজিবাদী শাসনব্যবস্থাকে হারিয়ে দিয়ে সমাজতন্ত্রের ক্ষতগুলো নিরূপণ করে শ্রেণি সংগ্রাম কীভাবে কাজ করবে, তা খুঁজে পেতে হলে যেতে হবে মার্কসের কাছে।
কার্ল মার্কসকে এখনও প্রাসঙ্গিক মনে করেন সমাজতন্ত্রের আন্দোলনকারীরা- ছবি: রয়টার্স
‘ইতিহাসবেত্তা কার্ল মার্কস’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানে সাধু ভাষায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সলিমুল্লাহ খান।
তিনি বলেন, বর্তমান যুগের পুঁজিভিত্তিক উৎপাদন প্রণালী আর সেই প্রণালী হতে জন্ম নেওয়া বুর্জোয়া শ্রেণি যে ‘বিশেষ বিধি’ অনুযায়ী চলছে, তা মার্কস আবিষ্কার করেছেন।
“মার্কস দাবি করিয়াছেন, শ্রেণি সংগ্রামের মধ্যস্থতায় পশ্চিম ইয়ুরোপের ইংল্যান্ড, ফরাসি প্রভৃতি দেশে বুর্জোয়া শ্রেণি রাষ্ট্রক্ষমতা লাভ করিয়াছে। মার্কস দেখাইতে চাহিয়াছিলেন, বুর্জোয়া শ্রেণির ক্ষমতা যে পথে আসিয়াছে একদিন সে পথেই তাহার বিনাশ ঘটিবে।অর্থাৎ শ্রেণি সংগ্রামেই তাহার অবসান হইবে।
“মার্কস নিবেদন করিয়াছিলেন, একদিন শ্রমিক শ্রেণির রাজ কায়েম হইবে- এই ধারণাটিই তাহার নিজের পক্ষে শেষ আবিস্কার। ইংরেজিতে এই ধারণার তর্জমা হইয়াছে, ডিক্টেটরশপি অব দ্য প্রলেতারিয়েত বা শ্রমিক শ্রেণির একান্ত শাসন।”
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন আলোচনা অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
