শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্ষমতাসীনদের ‘কনসেনট্রেশন ক্যাম্প’: আমীর খসরু
ক্ষমতাসীনরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ‘কনসেনট্রেশন ক্যাম্পে’ পরিণত করেছে বলে অভিযোগ করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, “আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছে; ওখানে কারো কোনো স্বাধীনতা নাই। ওখানে সরকারি দলের লোকজন যেভাবে নির্দেশ দেবে সেইভাবে ছাত্র-ছাত্রীদের চলতে হবে।
“নাহলে নিপীড়ন-নির্যাতনের শিকার হতে হবে, না হলে হল থেকে মধ্যরাতে বের করে দেওয়া হবে, কারো রগ কেটে দেওয়া হবে অথবা তাদেরকে সেই বিশ্ববিদ্যালয়ের আশে-পাশে যেতে দেওয়া হবে না।”
কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সাম্প্রতিক আন্দোলনকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামগ্রিক ক্ষোভের বর্হিপ্রকাশ বলে মন্তব্য করেন আমীর খসরু।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তির দাবিতে এই সভা হয়।
সংগঠনের সভাপতি একেএম মহিউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে ও ফরিদউদ্দিন ফরিদের পরিচালনায় আলোচনা সভায় আমার দেশ পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক তাজমেরী এস ইসলাম, মোক্তাদির আহমেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, গোলাম সারোয়ার, ইয়াসীন আলী, সাইফুল ইসলাম ফিরোজ, সাদরাজ হাসান ও ফখরুল ইসলাম রবিন বক্তব্য দেন।
