ঢাকায় বসে কৃষক!
ঢাকার মতো মহানগরীতে কৃষক লীগের বিভিন্ন শাখা রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার ঢাকার ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এই প্রশ্ন তোলেন তিনি।
কৃষকদের নিয়ে গড়ে ওঠা সংগঠন কৃষক লীগের ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় কমিটি রয়েছে, যেখানে কৃষি বিষয়ক কোনো ধরনের কার্যক্রম নেই।
আলোচনা সভায় বক্তব্য দিতে দাঁড়িয়ে কাদের শুরুতেই বলেন, “এখানে যারা আছেন, তারা কতজন কৃষক?”
এ সময় মিলনায়তনে থাকা বেশিরভাগই হাত তুলে নিজেদের কৃষক বলে দাবি করেন।
তখন কাদের মাথা নেড়ে বলেন, “ঢাকায় বসে কৃষক!
“কৃষক লীগের ধানমন্ডি, গুলশান, কুয়েত, কাতার, সৌদি আরব, নিউ ইয়র্ক শাখার কী দরকার? যেসব জায়গায় ফোকাস দেওয়া দরকার, সেসব জায়গায় ফোকাস দিতে হবে।”
ঢাকা মহানগর (উত্তর) কৃষক লীগ আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মাকসুদুল ইসলাম, পরিচালনা করেন মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক হালিম খান।
ফাইল ছবি
‘হারের ভয়ে’ নানা অভিযোগ
খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির নানা অভিযোগের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, ভোটে হারের আশঙ্কা থেকে আগে থেকে কারচুপির অভিযোগ আনার ক্ষেত্র তৈরি করছে তারা।
এই দুটি সিটি করপোরেশনে মেয়র পদে গতবার বিএনপি নেতারা জিতলেও এবার তারা অভিযোগ করেছে, আওয়ামী লীগ জয় পেতে নির্বাচনী বিধি লঙ্ঘন করে চলছে।
নেতা-কর্মীদের গ্রেপ্তার নিয়ে বিএনপির অভিযোগের জবাবে কাদের বলেন, সন্ত্রাসীরা বড় ধরনের নাশকতা চালাতে পারে-এমন অভিযোগে যদি কাউকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে, তাহলে সেটি কি ভীতি প্রদর্শনের মধ্যে পড়ে?"
গাজীপুরে মন্ত্রী-এমপিদের বৈঠক নিয়ে মন্ত্রী কাদের বলেন, “গাজীপুরের মৌচাকে সিটি করপোরেশন এলাকার বাইরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যদি বৈঠক করে, তাতে অন্যায় কী? এটা সিটি করপোরেশন এলাকা নয়।”
তিনি বলেন, “বিএনপি যদি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ দেখাতে পারে, সেটি দেখাক। বিএনপি আচরণবিধি লঙ্ঘনের সেই প্রমাণ অভিযোগ আকারে নির্বাচন কমিশনের কাছে দিতে পারে। কিন্তু মিথ্যা অভিযোগ করার কারণ কী?”
“কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর সিটি করপোরেশনের মতো গাজীপুর ও খুলনায় নির্বাচন হবে। বিএনপি নির্বাচনের আগে হেরে যায়। বিএনপি কি জনমত দেখে আঁচ করতে পারছে যে নির্বাচনে ভরাডুবি অনিবার্য? এ কারণে আগেভাগে নির্বাচনে কারচুপির অভিযোগ আনার ক্ষেত্র তৈরি করছে,” বলেন তিনি।
বিএনপি কেন হারবে বলে মনে করছেন, তার জবাবও দেন ওবায়দুল কাদের।
“এই দলকে মানুষ কেন নির্বাচিত করবে? এরা ক্ষমতায় এলে আবার দুর্নীতি করবে। হাওয়া ভবন খুলবে। সন্ত্রাস করবে।”
