মে দিবসে নয়া পল্টনে র্যালি করবে শ্রমিক দল
মে দিবসে সোহওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক শোভাযাত্রা বের করবে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল।
সোমবার বিএনপির সংবাদ সম্মেলনে শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “আমরা মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য অনেক আগেই অনুমতি চেয়ে আবেদন করেছিলাম মহানগর পুলিশের কাছে। আমাদের আবেদনের কোনো জবাব তারা এখন পর্যন্ত দেয়নি।
“এমতাবস্থায় আমরা ১ মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন সকাল ১১টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শ্রমিক র্যালি করবো। এজন্য মহানগর পুলিশকে অবহিত করেছি। এই র্যালিতে শ্রমজীবী মানুষরা অংশ নেবেন।”
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নজমুল হক নান্নু, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন বক্তব্য দেন।
