নির্বাচন, গণতন্ত্রের কোনো স্পেস নেই: আমীর খসরু
সরকার দেশের মানুষের জন্য গণতান্ত্রিক পরিসর একেবারে সংকুচিত করে ফেলেছে বলে অভিযোগ করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এই অভিযোগ করেন।
তিনি বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের দাবি ছিল, সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হবে- এটাও তাদের দাবি ছিলে। এসব এখন তারা পরিবর্তন করে ফেলেছে। সামান্য যেটুকু বাকি আছে এখন তা মন্ত্রী-এমপি দিয়ে দখল করতে চাচ্ছে।
“আজকে আমার মতে, নির্বাচন ও গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের মানুষের জন্য কারো কোনো জায়গা রাখেনি, কোনো স্পেস এখন নেই। যেটুকু জায়গা ছিল তারা এখন নতুন নতুন কতগুলো আইনের মাধ্যমে, সংস্থার মাধ্যমে তারা এগুলো দখল করতে চাচ্ছে।”
দেশে মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা নেই মন্তব্য করে আমীর খসরু বলেন, “আগে এসবের সমাধান করতে হবে। এসবের সমাধান না করে নির্বাচনী আইন কী হবে তা দিয়ে কোনো লাভ হবে না।
“জনগণের মৌলিক অধিকার ও জনগণের মালিকানা ফিরিয়ে আনতে হবে, যেটা এখন স্বৈরাচারী সরকার দখল করে নিয়েছে, হাইজাক করে নিয়েছে।”
কারাবন্দি খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তার সুচিকিৎসা দাবি জানান তিনি।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির আবু নাসের মো. রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম শিরিন, হুমায়ুন কবির ব্যাপারী ও মনজুর হোসেন ঈসা বক্তব্য দেন।
