খালেদার মুক্তিই একমাত্র লক্ষ্য: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করাই তাদের এখনকার ‘একমাত্র লক্ষ্য’।
খালেদার মুক্তি দাবিতে বুধবার নয়া পল্টনে মানববন্ধনে যোগ দিয়ে দলীয় এই অবস্থান তুলে ধরেন তিনি।
ফখরুল অভিযোগ করেন, তাদের দলীয় প্রধান বাইরে থাকলে ‘গণতন্ত্র মুক্তির’ আন্দোলন প্রতিরোধ করা যাবে না বলে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে।
এই প্রেক্ষাপটে বিএনপির সব নেতাকর্মীর ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করতে হবে এবং আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করতে হবে। আমরা মুক্তি চাই, অবশ্যই তাকে মুক্ত করে আনতে হবে। তার মুক্তি আমাদের একমাত্র লক্ষ্য।”
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি বিএনপি প্রধান খালেদা জিয়া। তার মুক্তির জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি এর আগেও মানববন্ধন, জনসংযোগ ও বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছে বিএনপি।
বিএনপি মহাসচিব বলছেন, জাতীয় নির্বাচনের আগে তাদের চেয়ারপারসনকে মুক্তি দিতে হবে। তৈরি করতে হবে সব দলের জন্য সমান সুযোগ।
সেই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির জন্য সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগও দাবি করেছেন তিনি।
কারাগারে যাওয়ার দুই মাস পর গত ৭ এপ্রিল বিএসএমএমইউতে স্বাস্থ্য পরীক্ষা হয় খালেদা জিয়ার। ছবি: মাহমুদ জামান অভি
“আমরা বলতে চাই, ২০১৪ সালের ৫ জানুয়ারিতে জনগণকে প্রতারিত করা হয়েছে। এরকম প্রতারণা আর করা যাবে না। আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে সংসদ ভেঙে দিয়ে করতে হবে। এর আগে দেশনেত্রীকে মুক্তি দিতে হবে। দেশনেত্রীকে ছাড়া আগামীতে কোনো নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না।”
মির্জা আব্বাস বলেন, “এই সরকার নিপীড়নমূলক আচরণ, ফ্যাসিবাদী আচরণ করে যাচ্ছে। সকলকে এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
“যার যার এলাকাতে আপনারা নিজেরা সংগঠিত হোন। একটা সময় আসবে যখন গণজোয়ারে এই সরকার ইনশাল্লাহ ভেসে যাবে।”
‘তারেকের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মানববন্ধনে তিনি বলেন, “তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও বড় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান ও সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে।
“আজকে যারা ভোটবিহীন অবৈধ সরকারের মন্ত্রী হয়েছেন, ভোটারবিহীন সংসদের সংসদ সদস্য হয়েছেন তাদের পরিচয় দেওয়ার প্রয়োজন আছে, তারেক রহমানের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই।”
এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, “তারেক রহমান সাহেবের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে সরকার মিথ্যাচার করছে। আমরা গতকালও বলেছি, আজকে বলছি, এই বিতর্ক সৃষ্টি করে তারা নিজেরাই নিজেদের তৈরি গহ্বরে পড়েছেন। কারণ কোনো মতেই ব্রিটিশ আইনের মধ্যে পাসপোর্ট জমা দেওয়াকে নাগরিকত্ব বর্জন দেওয়ার কোনো কারণ নেই এবং নাগরিকত্ব কখনও কেউ বর্জন দেয় না। সব সময় এটা রেখেই যে কেউ রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত এই মানববন্ধন হয়। ঢাকার বাইরে সারা দেশে মহানগর ও জেলা সদরে এই কর্মসূচি পালিত হয়েছে।
নয়া পল্টন সড়কের অতীশ দীপঙ্কর গলি থেকে পল্টন মসজিদ পর্যন্ত কয়েক হাজার নেতা-কর্মী ফুটপাত ও সড়কের সামনে দাঁড়িয়ে এই কর্মসূচিতে অংশ নেন। নেতা-কর্মীরা ‘খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই’, ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি শ্লোগান দেয়।
মানববন্ধনে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল নোমান, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভুঁইয়া, জয়নুল আবদিন ফারুক, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আবদুল মান্নান, আবদুল আউয়াল মিন্টু, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শিরিন সুলতানা, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, নাজিমউদ্দিন আলম, আবদুল ওয়াদুদ ভুঁইয়া, আমিরুজ্জামান শিমুল, বজলুল করীম চৌধুরী আবেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে মহানগর দক্ষিণের হাবিবুর রশীদ হাবিব, মহিলা দলের সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, যুব দলের মোরতাজুল করীম বাদরু, স্বেচ্ছাসেবক দলের ইয়াসীন আলী, জাসাসের শাহিনুল ইসলাম শায়লা, ছাত্রদলের মামুনুর রশীদ, আকরামুল হাসান, উলামা দলের এম এ মালেক, শাহ নেসারুল হক প্রমুখ নেতৃবন্দ ছিলেন।
খালেদা জিয়ার মুক্তি দাবিতে গত ২২ এপ্রিল বিএনপি সাতদিনের যে কর্মসূচি শুরু করেছে, বুধবার ছিল তার তৃতীয় দিনের কর্মসূচি। এ উপলক্ষে সকাল থেকেই বিএনপি কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শুক্রবার বাদ জুমা হবে ঢাকাসহ সারা দেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিল হবে।
