নির্বাচনে হস্তক্ষেপ করবে না ভারত: কাদের
ভারত সফর করে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে নির্বাচন নিয়ে ‘কোনো ধরনের হস্তক্ষেপ’ করবে না প্রতিবেশী দেশটি।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে নয়া দিল্লি সফর শেষে মঙ্গলবার বিকালে ঢাকা ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “আমরা একটি রাজনৈতিক দল। আমরা আজ আছি কাল নাও থাকতে পারি। আমাদের ক্ষমতার উৎস দেশের জনগণ। দেশের জনগণই নির্ধারণ করবে। এ বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের ইন্টারফেয়ার করার কিছু নেই। আমরা আশাও করি না। এসব ব্যাপার আমরাই ঠিক করব।”
বিএনপির বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। ওই সময় ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল বলে অভিযোগ বিএনপির। ওই বছরই ভারতে নির্বাচনে ক্ষমতার পালাবদলে সরকার গঠন করে বিজেপি, যাতে উচ্ছ্বাস জানিয়েছিলেন বিএনপি নেতারা।
এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচন সামনে রেখেও উত্তপ্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীর সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে আওয়ামী লীগ অনড় অবস্থান জানালেও নির্বাচনকালে নির্দলীয় সরকারের দাবি করছে বিএনপি।
এরমধ্যে দলীয় নেতাদের একটি দল নিয়ে নয়া দিল্লি সফর করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “বিদেশি শক্তি আমাদের বন্ধু হতে পারে। কিন্তু নির্বাচনে হস্তক্ষেপ করবে, তা আমরা আশা করি না। আর ভারত নির্বাচনে হস্তক্ষেপ করে না। এবারও করবে না। আমাদের তাদের অনেক নেতার সাথে কথা হয়েছে। তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে।”
সাংবাদিকদের অপর এক প্রশ্নে তিনি বলেন, “দেশের স্বার্থে আমরা যে কোনো দেশের সাথে সুসম্পর্ক করতে পারি। আমাদের বিজেপি আমন্ত্রণ জানিয়েছে। আমরা কি সেখানে খেতে গেছি না কি? ওখানে কি আমরা বেড়াতে গেছি? আনন্দ উল্লাস করতে গেছি? আমরা তাদের সাথে সিরিয়াসলি আলাপ-আলোচনা করেছি। আমরা এসব কিছু একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বলব।”
সোমবার নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
“এই দুইজন প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন বলে এটা সম্ভব হয়েছে। আমরা আশা করি, তিস্তা চুক্তিও হবে। আমাদের পানির জন্য যে হাহাকার আছে, তা উপস্থাপন করেছি। এই চুক্তি হলে একটা দৃষ্টান্ত স্থাপন হবে।”
এই সফর নিয়ে দুই-একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করবেন জানিয়ে কাদের বলেন, “কারণ তথ্য যদি না দেই তাহলে এটা শুভ নয়। ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো। আমরা কিছু গোপন করতে চাই না। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সব কিছু প্রকাশ করব। যেন কোনো গুজব ছড়াতে না পারে।
“ভারতের সাংবাদিকরাও অনেক চেষ্টা করেছে। কিন্তু আমরা কিছুই বলতে চাইনি। আমাদের ইচ্ছে ছিল, দেশে গিয়ে আমরা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সব কিছু বলব।”
আওয়ামী লীগের প্রতিনিধি দলকে বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
