২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তি দাবিতে নতুন কর্মসূচি বিএনপির

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকার সব থানায় এবং সারাদেশে জেলা সদরে প্রতিবাদ মিছিল করবে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 07:23 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

সোমবার এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, “আমি বিএনপির পক্ষ থেকে সারাদেশে বিএনপির সকল ইউনিটকে যথাযথভাবে এই কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাচ্ছি।”

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় লিফলেট বিলি কর্মসূচিতে রাজধানীর মহাখালী ও মিরপুর, বাগেরহাটের মোল্লারহাট, কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুরসহ বিভিন্ন স্থানে পুলিশ ও ক্ষমতাসীন দলের বাধা সৃষ্টি ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানান রিজভী।

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় সমালোচনা করে রিজভী বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন, গতকাল চাঁদপুরেও চেয়েছেন, তা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

“আপনি (প্রধানমন্ত্রী) বলেছিলেন, ভোট চাওয়া আপনার রাজনৈতিক অধিকার। তাহলে দলের সভানেত্রী হিসেবে না চেয়ে প্রধানমন্ত্রী হিসেবে ভোট চাচ্ছেন কেন? প্রধানমন্ত্রী হিসেবে সরকারি টাকা খরচ করে, সরকারি হেলিকপ্টার নিয়ে, সরকারি সার্কিট হাউজ ব্যবহার করে, সরকারি গাড়ি ব্যবহার করে, সরকারি সকল প্রটোকল নিয়ে ভোট চাওয়া কোন ধরনের রাজনৈতিক অধিকার, জনগণ তা জানতে চায়।”

এক্ষেত্রে নির্বাচন কমিশনের তৎপরতাহীনতায় ক্ষোভ জানিয়ে বিএনপি নেতা বলেন, “নির্বাচন কমিশন ‘রিপ ভ্যান উইংকেল’ এর মতো দীর্ঘ নিদ্রায়  শায়িত।”

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুঁইয়া।