২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় ভোটেও সেই পুরনো আওয়ামী সন্ত্রাস: বিএনপি

সারা দেশে স্থানীয় সরকারের ১৩৩টি প্রতিষ্ঠানে চলমান নির্বাচনে ‘অতীতের মতই আওয়ামী চেতনার সন্ত্রাস’ চলছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 02:17 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  এই অভিযোগ করেন।

তিনি বলেন, “টাঙ্গাইলে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। গুলি করে হত্যা করা হয়েছে ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবদুল মালেককে।”

রিজভী বলেন, হত্যা, জখম, ভোটকেন্দ্র দখল, জালভোট ও ব্যালেট বাক্স ছিনতাইয়ে ‘পুরনো রক্তাক্ত ঘটনারই’ পুনরাবৃত্তি ঘটছে এ নির্বাচনে।

“পূর্বের মতই আওয়ামী চেতনার সন্ত্রাস অব্যাহত রয়েছে। সবকিছু জেনেও নির্বাচন কমিশন নিশ্চল, নির্বিকার হয়ে বসে আছে। আমি ইসির এই নিশ্চল ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি।”

এই ভূমিকা অব্যাহত থাকলে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

“সব সময় তারা চেয়ে থাকেন যে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সবুজ বাতিটি কখন জ্বলবে আর লাল বাতিটি কখন জ্বলবে- ওইটা দেখে তারা পদক্ষেপ নেবেন।”

ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের ১৩৩টি প্রতিষ্ঠানে বৃহস্পতিবার ভোট চলছে। এর মধ্যে টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার একটি করে ইউনিয়ন, ঘাটাইলের ছয়টি ইউনিয়ন এবং এলেঙ্গা পৌরসভার নির্বাচন হচ্ছে।

স্থানীয়দের বর্ণনা থেকে জানা যায়, ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের গুপ্তবৃন্দাবন দাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টার সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই সময়ই আবদুল মালেক গুলিতে নিহত হন বলে পরিবারের অভিযোগ।

রিজভী দাবি করেন, ক্ষমতাসীন দলের ‘সন্ত্রাসীরা’ ওই কেন্দ্রে ব্যালেট পেপারে সিল মারার সময় মালেক প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করা হয়।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন থেকে ফেনী, যশোর, কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোরও প্রতিবাদ করেন রিজভী।

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, জয়ন্ত কুমার কুণ্ডু, আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন এ সংবাদ সম্মেলনে।