পুলিশের বেষ্টনিতে বিএনপির সংক্ষিপ্ত শোভাযাত্রা
স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় শোভাযাত্রা করেছে বিএনপি; পুলিশের বেষ্টনির কারণে সংক্ষিপ্ত ছিল দলটির এই কর্মসূচি।
মঙ্গলবার দুপুর ২টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে কাকরাইল পেরিয়ে আধা ঘণ্টা পর শান্তিনগর মোড়ে পৌঁছে পুলিশের বেষ্টনিতে আটকে যায়।
তখন সেখানে বক্তব্য দিয়ে কর্মসূচির সমাপ্তি টানেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। অনেকের হাতে ছিল দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া এবং তাদের ছেলে তারেক রহমানের প্রতিকৃতি। শোভাযাত্রা থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানও দেওয়া হয়।
ঢাকা মহানগরের নেতা-কর্মীরা ছাড়াও মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব), ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (এ্যাব), এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন এই শোভাযাত্রায়।
শোভাযাত্রা শুরুর আগে সমাবেশে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, “সারাদেশে আজ মানুষের কোনো অধিকার নেই। যে চেতনা নিয়ে আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, সেই চেতনাকে ধ্বংস করে দিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে।
একটি ট্রাকের উপর দাঁড়িয়ে ফখরুল ছাড়াও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শোভাযাত্রায় মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভুইয়া, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু, মুন্সি বজলুল বাসিত আনজু, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, আফরোজা আব্বাস, সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, মামুনুর রশীদ, আসাদুজ্জামান আসাদ, আবুল কালাম আজাদ অংশ নেন।
