২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের নেতৃত্বে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

খালেদা জিয়া কারাবন্দি থাকায় স্বাধীনতা দিবসে বিএনপি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে দলের স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 01:31 PM

Updated : 08 Apr 2022, 06:07 PM

দলটির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে একটি দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা নিয়ে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

সোমবার সকাল সোয়া ৯টায় বিএনপির জ্যেষ্ঠ নেতারা সাভারে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন তারা।

বেলা ১১টায় বিএনপি নেতারা কয়েক হাজার নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে এসে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

সেখানে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন।

জিয়ার কবরে ফুল দেওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাবন্দি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন চাই। এজন্য প্রথমেই গণতন্ত্রের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া এবং সকল রাজবন্দির মুক্তির দাবি জানাচ্ছি। আমরা সেই লক্ষ্যে সংগ্রাম করছি। আমরা অবশ্যই এই সংগ্রামে বিজয়ী হব।’’

মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, মোহাম্মদ শাহজাহান, এজেডএম জাহিদ হোসেন,  আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, জয়নুল আবদিন ফারুক, আদুস সালাম, আবদুল কাইয়ুম,  হাবিবুর রহমান হাবিব, কবীর মুরাদ,  খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মীর  সরফত আলী সপু, হাবিবুল ইসলাম হাবিব, নাজিমউদ্দিন আলম, কামরুজ্জামান রতন,  নুরে আরা সাফা, আমিনুল ইসলাম, দেওয়ান মো. সালাউদ্দিন, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, রফিক শিকদার, আখতার হামিদ ডাবলু ও শাহ আবু জাফর এ দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে আনোয়ার হোসেইন, নুরুল ইসলাম খান নাসিম, আহসানউল্লাহ হাসান, ইউনুস মৃধা, মোরতাজুল করীম বাদরু, সুলতান সালাউদ্দিন টুকু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজ, আফরোজা আব্বাস, সাদেক খান, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, হাফেজ আবদুল মালেক, শায়রুল কবির খান, মামুনুর রশীদ ও আসাদুজ্জামান আসাদ ছিলেন।

মহানগর বিএনপি, যু্ব দল, স্বেচ্ছাসেবক দল, উলামা দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ছাত্র দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকেও জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

স্বাধীনতা দিবসের সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। রাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর কার্যালয় আলোকসজ্জা করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।

বিকাল ৩টায় নয়া পল্টনে মহানগর কার্যালয়ের ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মির্জা ফখরুলসহ দলের জ্যেষ্ঠ নেতারা সেখানে উপস্থিত থাকবেন।

এছাড়া মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা করার কর্মসূচি রয়েছে বিএনপির।