খালেদার কয়লাখনি দুর্নীতি মামলার শুনানি পিছিয়েছে
অভিযোগপত্র দাখিলের পর প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার বিচার শুরু হয়নি।
ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা রোববার অভিযোগ গঠনের শুনানির জন্য প্রস্তুত থাকলেও মামলার আসামি আলতাফ হোসেন চৌধুরীর বিষয়ে উচ্চ আদালতের আদেশের সত্যায়িত কপি না পাওয়া এবং ব্যারিস্টার মো. আমিনুল হকের পক্ষে হাই কোর্টে রিট আবেদন বিচারাধীন থাকায় শুনানি পেছানোর আবেদনে অভিযোগ গঠনের শুনানি নিতে পারেননি।
আগামী ২৫ এপ্রিল শুনানির পরবর্তী দিন রাখা হয়েছে। আরেক দুর্নীতি মামলায় কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া এদিন আদালতে হাজিরা দেন।
আসামিপক্ষের অন্যতম আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে স্থগিতাদেশ উচ্চ আদালত খারিজ করলেও আমরা তার সত্যায়িত কপি এখনও পাইনি। এ কারণে সময় চেয়েছি।”
বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা হয়। ওই বছর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় দুদক।
চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ আনা হয় অভিযোগপত্রে।
অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় এবং বিএনপি নেতা এম কে আনোয়ার সম্প্রতি মারা গেছেন।
খালেদা জিয়া এবং তার সরকারের বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মো. আমিনুল হক ছাড়া মামলার অপর আসামিদের মধ্যে আছেন- তৎকালীন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, তৎকালীন তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, তৎকালীন জ্বালানি ও খনিজ সম্পদসচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার প্রাক্তন পরিচালক মঈনুল আহসান, তৎকালীন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন।
