২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দফায়ও আ. লীগের গণহত্যার স্বীকৃতি আনতে না পারা দুঃখজনক: মোশাররফ

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ চার দফায় সরকারে থাকলেও একাত্তরের ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে পারেনি, যা দুঃখজনক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 12:08 AM

Updated : 19 Aug 2022, 01:48 PM

রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, “পঁচিশের কাল রাতে এই বাংলাদেশে পশ্চিম পাকিস্তানিরা যে হত্যাযজ্ঞ  চালিয়েছিল, জেনোসাইড হয়েছিল- এটা ঘৃন্যতম জেনোসাইড।

“দুঃখের বিষয় যে- আজকে যারা ক্ষমতায়, যারা মুক্তিযুদ্ধের ঠিকাদার মনে করেন, দাবি করেন, তারা এই ৪৭ বছরে বেশ কয়েকবার ক্ষমতায় এসেছেন। কিন্তু ২৫ শে মার্চ কাল রাত্রিতে জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি তারা আদায় করতে পারেন নাই।”

জার্মানির একটি গবেষণা সংস্থার বিচারে বাংলাদেশ ‘স্বৈরতান্ত্রিক দেশ’ হিসেবে আবির্ভূত হওয়ার প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে ব্যর্থ হলেও আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জন্য লজ্জাকর একটি স্বীকৃতি পেয়েছেন। সেটা হচ্ছে পৃথিবীর পাঁচটি স্বৈরাচারী দেশের মধ্যে বাংলাদেশ একটি। আমরা লজ্জিত, আমরা ক্ষুব্ধ।”

আওয়ামী লীগ সরকার ‘গায়ের জোরে’ ক্ষমতা টিকিয়ে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসভা করতে না দেওয়ার সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, “গণতন্ত্র হত্যা দিবসের দিন পতিত স্বৈরাচারকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেওয়া হল। অথচ আমরা সমাবেশ করতে একাধিবার আবেদন করেও অনুমতি মেলেনি। কারণ, সরকার জনগণকে ভয় পায় বলে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেয় না।

“এটা কি কোনো গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে পড়ে যে, বিরোধী দলকে একটি সমাবেশ করতে দেবেন না। আর আপনারা সমাবেশ করবেন, আপনাদের দালালদের করতে দেবেন, পতিত সেই স্বৈরাচারকে করতে দেবেন?”

ক্ষমতাসীনদের ‘একতরফা’ নির্বাচনী প্রচারণাকে ‘স্বৈরাচারী’ বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বাধীনতা ফোরামের উদ্যোগে এই আলোচনা সভা হয়।

‘ সরকার প্রধানের পদত্যাগের নজির আছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনের আগে সরকার প্রধানের পদত্যাগের নজির দেশেই আছে।

“তিনি বলেছেন, পৃথিবী কোথাও নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের পদত্যাগের নজির নাই। আমি বলতে চাই, পৃথিবীতে অনেক নজির আছে সেগুলো আনতে চাই না। শুধু বাংলাদেশের নজিরের কথা বলতে চাই। উনাদের বর্তমান সাথী এককালীন স্বৈরাচার এরশাদ প্রেসিডেন্ট ছিলেন, সরকার প্রধান। তিনি পদত্যাগ করেছেন গণঅভ্যুত্থানের মধ্যেই। এরপর বিচারপতি সাহাবুদ্দিন আহম্মেদের অধীনে নির্বাচন হয়েছিল

“আরেকটি নজিরের কথা বলছি। আমাদের নেত্রী ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেছিলেন। এরপর সেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, যেই নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতা এসেছিলেন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রলীগের নেতৃত্বে থাকা খন্দকার মোশাররফ হোসেন বলেন, “ওবায়দুল কাদের বেশি কথা বলেন। উনাকে নিয়ে বেশি বলতে পারব না। এক সময়ে আমি তার নেতা ছিলাম। সেটারও একটু অসুবিধা আছে।

“আমি যখন মহসিন হলের ভিপি তখন উনি (ওবায়দুল কাদের) ফার্স্ট ইয়ারের ছাত্র। আমি তাকে ছাত্র রাজনীতিতে সে সময়ে সম্পৃক্ত করেছিলাম। তার সম্বন্ধে বলা…। আমি তাকে বলতে চাই, বেশি কথা বইলেন না। বললে সত্য কথা বেরিয়ে যায়। যেমন ইতিপূর্বে আপনি বলেছেন, আওয়ামী লীগ কাওয়াদের দল, আওয়ামী লীগ হাইব্রিডের দল।”

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, এলডিপির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, জাসাস সহ-সভাপতি শাহিনুল ইসলাম শায়লা প্রমুখ বক্তব্য রাখেন।