২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্য করি আর না করি, তাদের রায় মানতে হবে: মওদুদ

বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, সুপ্রিম কোর্টের আদেশ মেনে নিয়েই খালেদা জিয়ার জামিনের জন্য আইনি লড়াই চালিয়ে যেতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2018, 09:07 PM

Updated : 19 Aug 2022, 01:46 PM

মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি বলেন, “সুপ্রিম কোর্ট আমাদের উচ্চতম আদালত। আমরা মান্য করি আর না করি, তাদের রায় আমাদের মানতে হবে এবং আইনের লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।”

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে কারাবন্দি খালেদা জিয়া হাই কোর্ট থেকে চার মাসের জামিন পেয়েছিলেন। ওই জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল গ্রহণ করে আপিল বিভাগ ৮ মে শুনানির দিন রেখেছে, সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের জামিনও স্থগিত রয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ বলেন, “কতদিন আর আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন? একটা পর্যায় আসবে দেশের মানুষ আর শান্তিপূর্ণ আন্দোলন আমাদের কাছ থেকে চাইবে না। তখন আমাদের বাধ্য হয়ে দেশের মানুষের স্বার্থের জন্য, দেশের মানুষের সঙ্গে আমাদের থাকতে হবে।

“আমি এটুকু বলতে চাই, বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরে আসবে, মানুষের বেঁচে থাকার অধিকার ফিরে আসবে, মৌলিক অধিকার ফিরে আসবে। অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক উন্নয়ন একসঙ্গে চলতে হবে।”

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী যুব ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়।

উন্নয়নশীল দেশে উত্তরণে জিয়া-খালেদার ‘অবদান বেশি’

বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়া বর্তমান সরকারের কোনো অর্জন নয় বলে মন্তব্য করেছেন মওদুদ আহমদ।

তিনি বলেন, “ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে আমরা এতদিন ছিলাম অনুন্নত দেশ। এখন হয়েছে উন্নয়নশীল দেশ। তার অর্থ  হচ্ছে- মাথাপিছু আয়, দেশের সম্পদসহ সার্বিকভাবে অর্থনৈতিক একটা সমীক্ষা অনুযায়ী আন্তর্জাতিকভাবে ধারাবাহিকভাবে এসব উন্নতি হয়। থাইল্যান্ড হয়েছে ২১ বছর আগে। আমাদের সমসাময়িক দেশগুলো অনেক আগেই উন্নীত হয়েছে।

“এখানে এমন একটা ভাব যে, বাংলাদেশ একমাত্র দেশ যে, উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। এটাতে সরকারের কোনো কৃতিত্ব নাই। এটা ধারাবাহিকভাবে বাংলাদেশের মানুষের বিজয়, এটা সাধারণ মানুষের অর্জন। এটা আমাদের আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

মওদুদ বলেন, “উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পেছনে সকল সরকারের কনট্রিবিউশন আছে। তবে সবচাইতে বড় কনট্রিবিউশন তিনটি সেক্টরের তা হল কৃষক সমাজ, পোষাক শিল্পে কর্মরত নারীরা এবং বহির্বিশ্বে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। এজন্য দেশের মানুষকে আমরা মোবারকবাদ জানাই।”

বিএনপি-জামায়াত জোট সরকারের এই মন্ত্রী বলেন, “গার্মেন্ট সেক্টর ও বিদেশে জনশক্তিসহ কৃষি খাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছয় বছর এবং বেগম খালেদা জিয়ার ১০ বছর এই ১৫-১৬ বছরে সবচাইতে বেশি অবদান রেখেছে বাংলাদেশকে এই উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য।”

বর্তমানে দেশে দুর্নীতি ব্যাপকভাবে বেড়েছে অভিযোগ করে মওদুদ বলেন, “একদিকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি আমরা ঠিকই, অন্যদিকে দুর্নীতি সারাদেশকে গ্রাস করেছে। হাজার হাজার কোটি টাকা এই সরকারের আমলে লুন্ঠন হয়েছে। কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ লুট হয় না। আমাদের এখান থেকে ৮০০ কোটি টাকা লুট হয়ে গেছে। কাউকে গ্রেপ্তার করা হয় নাই।

“শেয়ার বাজারে মধ্যবিত্ত বিনিয়োগকারীদের অর্থ লুট করেছে সরকারের মদদপুষ্ঠ লোকজন। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো নিঃশেষ করে ফেলেছে। এখন বাংলাদেশে অর্থনীতি উল্টো পথে চলছে। কারণ ব্যাংকের কাছে টাকা নাই, সেই অর্থ বাইরে চলে গেছে। দেখবেন ঋণ খেলাপি কারা? সরকারের মদদপুষ্ঠ মানুষজন।”

তিনি বলেন, “ভূমি অফিসে যান, ওয়াসাতে যান, বিদ্যুৎ অফিসে যান–দুর্নীতি কোথাও কমেছে? কমে নাই। প্রত্যেকটা মানুষকে টাকা দিয়ে কাজ করতে হয়। একটা চাকরির জন্য টাকা-পয়সা দিয়ে কাজ করতে হচ্ছে।

“এমনকি আওয়ামী লীগের নেতারা তাদের কর্মীদের থেকেও টাকা নিচ্ছেন চাকরির জন্য। পিয়নের চাকরির জন্য এখন মিনিমাম ৫ লাখ টাকা, নার্সের চাকুরির জন্য ৫ লাখ টাকা, পুলিশের চাকরির জন্য ১০ লাখ টাকা…।

“একদিকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি আর অন্যদিকে গতকালের একটি পত্রিকায় আছে, দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে। এখনও আমাদের দেশের ৩ কোটি মানুষ দরিদ্রসীমার নিচে বাস করে। তাহলে কিসের উন্নয়নশীল দেশ “

সংগঠনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, শাহজাদা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, কারাবন্দি নেতা শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।