ছাত্রদল সভাপতি রাজীব ফের রিমান্ডে
মাসখানেক আগে গ্রেপ্তার হয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে আবারও নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
রাজধানীর মতিঝিল থানায় নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় রোববার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব।
গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ার পর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ থেকে রাজীবকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মতিঝিল থানার নাশকতার মামলায় তাকে রিমান্ডে পাঠায় আদালত।
রোববার মতিঝিল থানার এক মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম আকন্দ রাজীব আহসানকে পাঁচ দিনের এবং আরেক মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন।
আসামিপক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড আবেদন বাতিল করে রাজীবের জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড আবেদনে দুই দিন এবং ১০ দিনের আবেদনে তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালের অক্টোবরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত। একে কেন্দ্র করে রাজধানীর মতিঝিল এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায় আসামিরা।
ওই ঘটনায় রাস্তায় সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ ভাংচুরের অভিযোগে মতিঝিল থানায় পৃথক দুই মামলা দায়ের করে পুলিশ।
ঢাকার বিভিন্ন থানায় রাজীব আহসানের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে বলে তার আইনজীবী সৈয়দ জযনুল আবেদীন মেজবাহ জানিয়েছেন।
