সরকারকে সাতই মার্চের ভাষণ উপলব্ধির পরামর্শ ডা. জাফরুল্লাহর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের মর্মার্থ সরকারকে উপলব্ধি করার পরামর্শ দিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে দাঁড়িয়ে এই পরামর্শ দেন বিএনপিপন্থি এই পেশাজীবী নেতা।
তিনি বলেন, “একাত্তরের ৭ মার্চ শেখ মুজিব যে যুগান্তকারী ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে মর্মার্থ কী ছিল? মর্মার্থ ছিল- দুঃশাসনের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে। আজকে বঙ্গবন্ধু কবরে বসে কী ভাবছেন? উনি যখন উনার সোনার বাংলার এই চিত্র দেখছেন- উনি কী আজকে আনন্দে আছেন- সেটা ভাবার কথা বলি।
“আওয়ামী লীগ সরকারকে একটাই অনুরোধ করি তারা যেন বঙ্গবন্ধুর সব বক্তব্য পুনরায় পড়েন, ভালোভাবে হৃদয়ঙ্গম করেন।”
জাফরুল্লাহ বলেন, “এভাবে আমলাতান্ত্রিক বাকশাল করে কোনো দিন কোনো জাতি জাগে না, গণতন্ত্রই একমাত্র পথ। গণতন্ত্র হল- কথা বলার সুযোগ দেওয়া, জনগণকে রাস্তায় বেরুতে দেওয়া।
জাফরুল্লাহ চৌধুরী (ফাইল ছবি)
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “দেশের মানুষ জানে, বিশ্বের মানুষ জানে কোন কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে আছেন? কোন কারণে বিএনপি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না।
“এর কারণ একটাই- জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় দেশনেত্রী জেলে, এই প্রক্রিয়ায় রাজনৈতিক কর্মসূচি আঘাতপ্রাপ্ত হচ্ছে, আমরা বার বার আক্রমণের শিকার হচ্ছি। গণতন্ত্রের ভীতির কারণে সরকার এসব করছে।”
এই অবস্থা থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ভবনের সামনে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।
ড্যাবের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব এসএম রফিকুল ইসলাম বাচ্চুর পরিচালনায় মানববন্ধনে ড্যাবের অধ্যাপক আবদুল মান্নান মিয়া, অধ্যাপক আব্দুল কুদ্দুস, মোস্তাক রহিম স্বপন, এএসএম রায়হান, মোস্তাক আহমেদ ও সাইফুল ইসলাম সেলিম বক্তব্য দেন।
