২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানায় থানায় প্রতিবাদ জানাবে বিএনপি

ঢাকার অবস্থান কর্মসূচি পুলিশ ‘পণ্ড করে দেওয়ায়’ রাজধানীর থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 05:12 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে আগামী ১০ মার্চ শনিবার ঢাকা মহানগরীর সব থানায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করছি।”

দুর্নীতি মামলার সাজায় খালেদা জিয়ার কারাগারে যাওয়ার মাসপূর্তির দিনে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে জড়ো হয়েছিলেন বিএনপি নেতাকর্মীরা। 

কিন্তু পুলিশ হঠাৎ ছাত্রদলের এক নেতাকে সেখান থেকে গ্রেপ্তার করে টেনে হিঁচড়ে নিয়ে গেলে হট্টগোলের মধ্যে বিএনপির এক ঘণ্টার কর্মসূচি ১৩ মিনিট আগেই শেষ হয়ে যায়।

জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই ঘটনার পর দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জরুরি’ সংবাদ সম্মেলনে আসেন ফখরুল।

তিনি বলেন, “আমাদের নেত্রী কারাগারে যাবার পর থেকে আমরা একেবারেই শান্তিপূর্ণ কর্মসূচি করছি, সেই কর্মসূচিতে তারা (পুলিশ) অনুপ্রবেশ করে পরিকল্পিতভাবে আমরা যেন ভবিষ্যতে আর কোনোভাবে কর্মসূচি করতে না পারি সেই পরিবেশ সৃষ্টি করছে।”

বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি করায় সরকারের ‘গাত্রদাহ’ হচ্ছে বলেও মন্তব্য করেন দলের মহাসচিব। 

Image
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

তিনি বলেন, পুলিশ ‘উসকানি দিয়ে’ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করে দিচ্ছে। ‘বেআইনিভাবে’ নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে।

“যে কয়জনকে সম্প্রতি যে পদ্ধতিতে গ্রেপ্তার করা হয়েছে, কোনো স্বাধীন দেশে এভাবে গ্রেপ্তার করা হয় বলে আমরা কখনো শুনেনি, দেখেনি। একমাত্র তুলনা হতে পারে সেই হিটলারের গেসটাপো বাহিনীর সাথে, বা অন্য ডিকটেটরদের সাথে।”

বেছে বেছে গ্রেপ্তার

ফখরুল অভিযোগ করেন, তাদের ‘শান্তিপূর্ণ’ কর্মসূচি থেকে ‘বেছে বেছে’ নেতাদের গ্রেপ্তার করছে পুলিশ।

“তারা কর্মসূচির ভেতরে ঢুকে থাকে,পাশাপাশি থাকে, শ্লোগান দেয় আমাদের নেতা-কর্মীদের সাথে মিলিয়ে। তারপরে তারা (পুলিশ ও গোয়েন্দা সংস্থা) আমাদের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে।

গত এক মাসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামাস দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ সাড়ে পাঁচ হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান ফখরুল।

তিনি বলেন, “যারা নেতৃস্থানীয় নেতা, যারা গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন, যারা নির্বাচনে নেতৃত্ব দেন, দল পরিচালনা করেন, তাদের সরকার বেছে বেছে গ্রেপ্তার করছে। গণতন্ত্র কীভাবে ফিরে আসতে পারে- এইসব দেখে তা সহজেই বোঝা যায়।”

নেতাকর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়ে ফখরুল বলেন, তা না হলে যে পরিবেশ সৃষ্টি হবে, তার দায় সরকারকেই নিতে হবে।

অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান শিমুল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।