খালেদার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন
দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যানার-প্ল্যাকার্ড হাতে সারা দেশে মানববন্ধন করেছে বিএনপির নেতা-কর্মীরা।
ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি চলে। নেতা-কর্মীরা মানববন্ধন থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিনটু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আবদুস সালামসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ২০ দলীয় জোটের নেতারা অংশ নেন এ কর্মসূচিতে।
এর আগে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর গত ১২ ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় ঢাকার একটি আদালত।
এর প্রতিবাদে এবং খালেদার মুক্তির দাবিতে এর আগে চার দফায় বিক্ষোভ সমাবেশে, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে দলটি।
মানববন্ধনের এ কর্মসূচি ঘিরে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনেই এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।
