‘যাদের ভোট তাদের দিতে দিন’
এদেশের মানুষ আর ২০১৪ সালের মতো একতরফা নির্বাচন মেনে নেবে না মন্তব্য করে আগামী নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বদরুদ্দোজা চৌধুরী, ড. কামাল হোসেন ও আ স ম আব্দুর রব।
রাজনৈতিক নেতাদের জনগণের কাছে ভোট চাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বি চৌধুরী বলেছেন, যারা ভোটের মালিক তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।
দেশে জনগণের ‘নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠায় সবার ঐক্য চেয়েছেন গণফোরাম সভাপতি কামাল হোসেন। আর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি রব সব দলের জন্য সমান সুযোগ না দিলে ক্ষমতাসীনদের জন্য সভা-সমাবেশ ‘হারাম’ করার হুমকি দিয়েছেন।
পতাকা উত্তোলন দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা এসব বলেন। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তৎকালীন ছাত্রনেতা আ স ম আবদুর রব।
আলোচনায় বিকল্পধারা, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ের গঠিত ‘যুক্তফ্রন্টে’ অন্যান্য গণতান্ত্রিক দল ও সংগঠনকে যুক্ত হওয়ার আহ্বান জানান এর প্রধান বি চৌধুরী।
তিনি বলেন, “গণতান্ত্রিক শক্তি যারা আছেন তাদের সবার সঙ্গে ঐক্য গড়তে আমাদের বিন্দুমাত্র আপত্তি নাই। সবাইকে নিতে হবে, বাছাবাছি চলবে না, অমুককে নেব, তমুককে নেব-এটা আমাদের গণতন্ত্র না।
“আমরা মাত্র তিন দলের যুক্তফ্রন্ট করেছি। আমি চাই, এদেশের সমস্ত গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হোক , যারাই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায়, মানুষের কল্যাণ চায়, তারা সবাই সকলে একবার সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করি- আমরাও দেখে নেব কত বড় পরাশক্তি আমাদের পরাজিত করতে পারে।”
ক্ষমতাসীনদের ‘একতরফা’ নির্বাচনী প্রচারের সমালোচনা করে বি চৌধুরী বলেন, “বর্তমান সরকারের যে অভ্যাস তাতে তারা লেভেল প্লেয়িং ফিল্ড করে দেবে, তা আমি আশা করি না। দেশের বেশিরভাগ মানুষ আশা করে না।
“সরকারকে তবুও বলি, লেভেল প্লেয়িং ফিল্ড করে দেন। এরপর যা হবে ফলাফল মাথা পেতে নেব। জনগণ তো বাংলাদেশের মালিক, মালিকের কথা একটু শুনি- যার যার ভোট তাদের ভোট দিতে দেন। যারা রাজনীতি করে তারা যাতে মানুষের কাছে ভোট চাইতে পারে, তার ব্যবস্থা করে দেন।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের নথি নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে পৌঁছাতে বিলম্বের জন্য সরকারের কঠোর সমালোচনা করেন দলটির সাবেক নেতা বদরুদ্দোজা চৌধুরী।
এ প্রসঙ্গে আলোচনায় তিনি বলেন, “সাড়ে তিন হাজার, সাড়ে চার হাজার প্লাস প্লাস কত হাজার ঠিক নাই হাজার কোটি টাকা যখন চলে যায়- সবাই প্রশ্ন করেন বাকিগুলোর কী হবে? একটি পত্রিকায় ছবি এসেছে জাহাজ ভাসছে, ব্যাংক ডুবছে। ব্যাংকের টাকা লুট হয়ে যাচ্ছে এবং সর্বোচ্চ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের থেকেও বিদেশে টাকা চলে গেছে। তারপর যদি অর্থমন্ত্রী বলেন, এই কয়কটা (সাড়ে চার হাজার কোটি) টাকা কি টাকা।
“তাহলে আড়াই কোটি টাকা (খালেদা জিয়ার দুর্নীতি) কী হয়? ধুলিকনাও নয়, হাতের ময়লা- মাননীয় অর্থমন্ত্রীর হাতের ময়লা।”
বক্তব্যে কামাল হোসেন বলেন, “আমরা আবার ২০১৪ সালের মতো নির্বাচন চাই না। পাগলেও বলবে না, তারা ২০১৪ সালের মতো নির্বাচন চায়। আজকে আমরা নীতিগতভাবে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ তার মালিকানা ফিরে পাক-এ ব্যাপারে আমরা সকলে একমত।”
অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবার মালিকের ভূমিকা রাখার জন্য এগিয়ে আসুন। জনগণের নিয়ন্ত্রনে কীভাবে দেশকে রাখা যায় আসুন আমরা সবাই এক হই। এবার শুধু নির্বাচনই সুষ্ঠু করলে হবে না, নির্বাচনে পর জনগণের মালিকানা যাতে নিশ্চিত হয় তার ব্যবস্থা নিতে হবে।”
“আপনাদের জন্য হারাম করে দেব।”
এদেশের মানুষ আর ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন মেনে নেবে না মন্তব্য করে তিনি বলেন, “এর পরিণতি ভয়াবহ হবে, বুমেরাং হয়ে যাবে। এটা ২০১৪ সাল নয়, ২০১৮ সাল। ২০১৯ সাল ক্ষমতাসীন দলের জন্য মহাকাল। হয় সবাইকে নিয়ে ভোটে যাবেন, না হলে বুমেরাং হয়ে যাবে-পরিণতি ভয়াবহ হবে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না।”
সভাপতির বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “সবাই পরিবর্তন চাইছে। আজকে যদি ধরে নেই সুষ্ঠু নির্বাচনে বর্তমান সরকার নির্বাচিত হলেন তাহলে তারা কি সত্যি ন্যায়বিচার ও সমাজিক সমতা ইত্যাদি প্রতিষ্ঠা করবেন নাকি যেটা আমরা দেখছি, ছাত্রলীগের নৈরাজ্য আরও বেড়ে যাবে, দুর্নীতির বিস্তার হবে …।
“অপরপক্ষে যদি আমরা ধরে নেই দেশবাসী পরিবর্তন চায় বলে বিএনপি ক্ষমতায় চলে আসল। দেশে কি 0শান্তি আসবে, দেশে ১০ হাজার লোকের মৃত্যু হবে না তো? তারা পালিয়ে কোথায় যাবে- বঙ্গোপসাগরে, নেপালের দিকে? ভারতে তো ঢুকতে দেবে না।”
এই পরিস্থিতিতে বি চৌধুরী ও কামাল হোসেনই জাতির ‘উদ্ধারকর্তা’ হতে পারেন বলে মনে করেন জাফরুল্লাহ।
“এই অবস্থা থেকে জাতিকে কে উদ্ধার করতে পারেন? ড. কামাল হোসেন পারেন, অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী পারেন। তারাই জাতির বিবেক। তাদের উদ্যোগ নিতে হবে।”
এই আলোচনা সভায় কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী ও বাসদের খালেকুজ্জামান না থাকায় তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন জাফরুল্লাহ চৌধুরী।
“আমার কষ্ট লাগছে সাহসী বঙ্গবীর কোথায়? আমার প্রশ্ন জাগছে খালেকুজ্জামান কোথায়? যারা ন্যায়-নীতির পক্ষে থাকেন, তারা কেন অনুপস্থিত?”
আলোচনা সভায় অন্যদের মধ্যে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির আবদুল মালেক রতন, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ইসলামী আন্দোলনের মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বক্তব্য রাখেন।
