২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তির দাবিতে বিএনপির লিফলেট বিলি

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে লিফলেট বিলি করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 12:33 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

বৃহস্পতিবার সকাল  সোয়া  ১০টায়  নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে কয়েকজন পথচারী ও  রিকশা চালকের হাতে লিফলেট তুলে দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

তবে কার্যালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখে লিফলেট দিয়েই তিনি রাস্তা থেকে অফিসের গেইটে চলে আসেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম, জিসাস সভাপতি আবুল হাশেম রানা এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে রিজভীর সঙ্গে ছিলেন। 

যা আছে লিফলেটে

বিএনপির দুই পৃষ্ঠার লিফলেটের শিরোনাম হল- ‘শেখ হাসিনার ১৫ হাজার কোটি টাকার দুর্নীতির মামলা প্রত্যাহার/খারিজ বনাম উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন মামলায় বেগম খালেদা জিয়ার কারাদণ্ড’।

সেখানে বলা হয়েছে, জিয়া এতিমখানা ট্রাস্টের অর্থ আত্মসাতের ‘কাল্পনিক, সাজানো ও উদ্দেশ্যমূলক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অথচ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া ১৫টি মামলার মধ্যে ছয়টি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার এবং অন্য নয়টি হাই কোর্টে খারিজ করা হয়েছে। ওই নয় দুর্নীতি মামলায় মোট অর্থের পরিমাণ ১৫ হাজার কোটি টাকা।

লিফলেটের একেবারে শেষ পর্যায়ে বলা হয়েছে, “এক টাকাও দুর্ণীতি না করে বেগম খালেদা জিয়াকে যদি  জেলে যেতে হয়, তবে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির দায়ে অভিযুক্ত শেখ হাসিনা ও অন্যান্যদের কী শাস্তি হওয়া উচিৎ- তা ভবিষ্যতে জনগণের আদালতেই নির্ধারিত হবে ইনশাল্লাহ।”

এছাড়া বিএনপি চেয়ারপারসনের ছবি ও নয় দফা আহ্বান সম্বলিত একটি বার্তাও প্রকাশ করেছে বিএনপি।

সেখানে খালেদার নামে বলা হয়েছে, “বাংলাদেশের মানুষ দুঃসহ অবস্থা থেকে মুক্তি চায়। আমাকে আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন- আমি আপনাদের সঙ্গেই আছি। আপনারা গণতন্ত্রের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনগণের সরকার কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন। আমি অন্যায়ের কাছে মাথা নত করব না।”

রিজভী পরে সাংবাদিকদের বলেন, “আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে সারাদেশে বিএনপির বক্তব্য সম্বলিত লিফলেট বিতরণ করা হচ্ছে। বিএনপি কেন দেশনেত্রীর মুক্তির দাবি করছে, কী অন্যায় তার প্রতি করা হয়েছে- সেসব বক্তব্য আমরা লিফলেটের মাধ্যমে জনগণকে জানাচ্ছি।”

দলের কেন্দ্রীয় নেতারা  ঢাকাসহ সারাদেশে জেলার নেতা-কর্মীদের নিয়ে এই লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে জানান রিজভী।

তিনি বলেন, “তারা মানুষের কাছে এটি দেবেন। মানুষ এটি পড়বেন, সরকার একটি ক্রোধের মনোবৃত্তি নিয়ে কত অন্যায়ভাবে দেশনেত্রীকে জরাজীর্ণ পরিত্যক্ত কারাগারে বন্দি করে রেখেছে।”

বিএনপির এই আন্দোলন অব্যাহত থাকবে এবং এই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে মন্তব্য করে রিজভী বলেন, “তারা গায়ের জোরে বিচারিক প্রশাসনকে কব্জা করে যদি বিরোধীদলকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া চালায়,  জনতা রুখে দাঁড়াবে। বিএনপি তার অংশ হিসেবে এই কর্মসূচি শুরু করেছে।”

সাংবাদিকদের প্রশ্নে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, শঙ্কার মধ্যেই তাদের এই লিফলেট বিতরণ করতে হচ্ছে।

“আপনারা দেখেছেন, কয়েক দিন আগে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল একজন সাবেক এমপি, যুগ্ম মহাসচিব, তাকে অফিস থেকে বের হতেই কীভাবে ঘাড় মুচড়ে নিয়ে গেছে।  আতঙ্কের মধ্যেই আমাদের কাজ করতে হচ্ছে।”

ঢাকার বিশেষ জজ আদালত গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়।

এর প্রতিবাদে বিএনপি এর আগে চার দফায় বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশের মত কর্মসূচি পালন করে।

গত ২২ ফেব্রুয়ারি বিএনপি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার অনুমতি চাইলেও পুলিশ তা না দেওয়ায় ২৪ ফেব্রুয়ারি ঢাকায় কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পালন করে দলটি।