২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা দুদু আটক

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 01:24 PM

Updated : 08 Apr 2022, 05:54 PM

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সোমবার দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে মৎস্যভবন এলাকা থেকে দুদুকে আটক করে নিয়ে যায় পুলিশ। 

মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বিএনপি নেতা দুদুকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় তাকে ধরা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি।

কৃষক দলের বংশাল থানার সভাপতি আবদুল রাজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদু ভাই মানববন্ধনে ছিলেন। ভাইকে পুলিশ নিয়ে গেছে। তার মোবাইল ফোনটা আমাকে দিয়ে গেছে।”

জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত।

ওই রায়ের প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার বেলা ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি।

এক ঘণ্টার ওই কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, ফজলুল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।