নৈরাজ্য ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আওয়ামী লীগ ও আইনশঙ্খলা বাহিনী তা মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ঠিক হওয়ার পর উত্তেজনার মধ্যে রোববার গুলশানে আওয়ামী লীগের এক সভায় একথা জানান তিনি।
গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় ঢাকার সংসদ সদস্য কামাল বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো ধরনের নাশকতা নৈরাজ্যকর পরিস্থিতি হতে দেব না ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি
রায়ের আগে সরকারের বিরুদ্ধে নেতা-কর্মীদের গণগ্রেপ্তারের অভিযোগ করে আসছে বিএনপি। এই সংখ্যা প্রায় ৫০০ বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মুথ থেকেও এসেছে; তবে তিনি বলছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে।
হাই কোর্ট এলাকায় পুলিশের উপর বিএনপিকর্মীদের সাম্প্রতিক হামলার বিষয়টি তুলে কামাল বলেন, “আপনারা দেখেছেন, পুলিশের রাইফেলগুলোকে কীভাবে টুকরো টুকরো করে ভেঙেছে, কীভাবে প্রিজন ভ্যান ভেঙেছে, খালেদা জিয়া যাওয়ার সময় তার পাশে খেকে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছে।
“পুলিশ, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী ভিডিও ফুটেজ দেখে যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করছে। কোনো নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না।”
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, “যদি তিনি (খালেদা) দোষি হন, তাহলে তার বিরুদ্ধে রায় হবে। যদি তিনি এতিমের টাকা আত্মসাৎ না করেন, তাহলে তাকে তা আদালতে প্রমাণ করতে হবে। যদি আত্মসাৎ করে থাকেন, তাহলে তার বিচার হবে।
“এই নিয়ে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। চুরি করবেন, আত্মসাৎ করবেন, আবার বিচারের রায় মানবেন না, এটা জনগণ মানবে না।”
হানিফ বলেন, “৮ ফেব্রয়ারি কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে সকল আওয়ামী লীগকর্মী এবং জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।”
ঢাকা মহানগরের উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমত উল্লাহর সভাপতিত্বে বর্ধিত সভায় সাধারণ সম্পাদক সাদেক খানও উপস্থিত ছিলেন।
