২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাহী কমিটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে খালেদা

বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে রুদ্ধদ্বার কর্ম অধিবেশনে বসেছেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2018, 02:54 PM

Updated : 19 Aug 2022, 01:32 PM

রাজধানীর খিলক্ষেতের লো মেরিডিয়ান হোটেলে নির্বাহী কমিটির সভার উদ্বোধনী পর্বের পর বেলা সোয়া ১টায় এই কর্ম অধিবেশন শুরু হয়।

প্রথম বক্তা হিসেবে কর্ম অধিবেশনে বক্তব্য দেন দলের সহ সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।

এই অধিবেশন দলের তৃণমূলসহ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনবেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলেন, “রুদ্ধদ্বার অধিবেশনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন সামনে রেখে করণীয় সম্পর্কে তৃনমূলসহ কেন্দ্রীয় নেতাদের মতামত শুনে চেয়ারপারসন যথাযথ নির্দেশনা দেবেন।”

নির্বাহী কমিটির এই বৈঠক বিকাল ৫টায় শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং লন্ডনে অবস্থানরত দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একটি ভিডিও বক্তৃতা দেখানো হয়। 

উদ্বোধনী পর্বে প্রায় সোয়া এক ঘণ্টা বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন। সেখানে জাতীয় নির্বাচন নিয়ে আগামী বিএনপির অবস্থান তুলে ধরার পাশাপাশি নিম্ন আদালতে ঘোষণার অপেক্ষায় থাকা দুর্নীতি মামলার রায় নিয়েও তিনি কথা বলেন। 

লো মেরিডিয়ানের গ্র্যান্ড বলরুমে এই সভার উদ্বোধনী পর্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাড়ে চারশর মত সদস্য ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

২০১৬ সালের মার্চে ষষ্ঠ বিএনপির জাতীয় কাউন্সিলের আগে জাতীয় নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল ২০১২ সালের ৮ এপ্রিল। তখনকার ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই ওই সভায় সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেছিলেন।

২০১৬ সালের ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সাড়ে চার মাস পর ৫০২ সদস্যের বর্তমান কমিটি ঘোষণা করেন খালেদা জিয়া। এরপর এই প্রথম ওই পর্যদের নেতাদের নিয়ে বসেছেন তিনি, যদিও বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ছয় মাস পর পর এই সভা হওয়ার কথা।