২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ তারকা হোটেলে মিটিং কল্পনাও করতে পারি না: হাছান

ঢাকা লো মেরিডিয়ান হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা আয়োজনের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেছেন, পাঁচ তারকা হোটেলে রাজনৈতিক দলের সভার কথা তারা কল্পনাও করতে পারেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2018, 12:11 AM

Updated : 19 Aug 2022, 01:32 PM

Image
হাছান মাহমুদ (ফাইল ছবি)

হাছান মাহমুদ (ফাইল ছবি)

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আয়োজিত ‘জঙ্গিবাদ সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও শ্রমিক সমাজ’ শীর্ষক সমাবেশে একথা বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান। তিনি বলেন, “বাংলাদেশে কোনো রাজনৈতিক দল পাঁচ তারকা হোটেলে মিটিং করে- এটি আমরা কল্পনাও করতে পারি না। বিএনপির জাম্বু জেট মার্কা কার্যনির্বাহী কমিটির প্রথম সভা হোটেল লো মেরিডিয়ানে দুই বছর পর হতে যাচ্ছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা প্রতি দুই মাসে একটি হয়।

“সুতরাং যারা রাজনৈতিক দলের সভা পাঁচ তারকা হোটেলে করে এরা জনগণের প্রতিনিধিত্ব করে না। এরা জনগণের দল নয়, এরা লুটেরাদের দল; এরা শ্রমিকের দল নয়, শ্রমিকের রক্তচোষাদের দল।”

শনিবার লো মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে বিএনপির ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটির সভা হবে। দুই বছর আগে এই কমিটির হওয়ার পর এটাই তাদের প্রথম সভা হতে চলেছে।

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় সামনে রেখে ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান হাছান মাহমুদ।

তিনি বলেন, “আমরা রাজপথে থাকব। যদি আবারও শ্রমজীবী মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়, হামলা করা হয়, সেই হামলা প্রতিহত শুধু নয়, হামলাকারীদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।”