২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির হেলাল রিমান্ডে

পুলিশের উপর হামলার মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 12:34 AM

Updated : 08 Apr 2022, 05:51 PM

বৃহস্পতিবার তার সঙ্গে আরও ৩১ জনকে ৫ দিনের পুলিশ হেফাজতের আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোহা. আহসান হাবীব।

হেলাল ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে শান্তুনু ইসলাম সুমিত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের সচিব ফারুকুল ইসলাম সেলিম, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা হাফিজ আল মাহমুদ।

এছাড়া মজিবুর রহমান নামে এক আসামিকে পাঠানো হয়েছে এক দিনের পুলিশ হেফাজতে।

আসামিদের মধ্যে মহিলা দলের নেত্রী লুৎফুর নাহার লাভলী ও জুনু বেগমকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়েছিল পুলিশ; কিন্তু সেই আবেদন নাকচ করেছেন হাকিম।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মুহম্মদ সাইফুল ইসলাম খাঁন রমনা থানায় বিশেষ ক্ষমতা আইনের এই মামলায় এই ৩৪ জনকে আদালতে হাজির করে সবার ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন।

রাষ্ট্রপক্ষে জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মিরাশ উদ্দিন শুনানিতে বলেন, “আজিজুল বারী হেলাল সংঘর্ষের ঘটনার নায়ক। তিনি বহুবার গ্রেপ্তার হয়েছেন এবং জামিন নিয়েছেন। আর যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে, তারা ভাঙচুর, লুটপাট, ছিনতাই করেছে।”

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে দাবি করে এই পুলিশ কর্মকর্তা বলেন, “এদের রিমান্ডে নিলে অপর আসামিদের গ্রেপ্তার করা যাবে।”

আসামিপক্ষে সানাউল্লাহ মিয়া, মোসলেহ উদ্দিন জসিম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

সানাউল্রাহ মিয়া বলেন, “খালেদা জিয়া তাকে (হেলাল) নির্বাচন করার সবুজ সংকেত দিয়েছেন। এজন্য তিনি এখন এলাকায় (খুলনা) ব্যস্ত সময় পার করছেন। ৩ তারিখ বিএনপির মিটিংয়ের জন্য তিনি ঢাকায় এসেছেন।

“নেত্রী আদালতে হাজিরা দিতে যান।  সেখানে নেতা-কর্মীরা স্লোগান দিতে পারে। এজন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। বিএনপির পদে থাকায় হেলালসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

ছাত্রদলের সাবেক সভাপতি হেলাল বর্তমানে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক। বুধবার রাতে মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার বিকালে হাই কোর্ট এলাকায় বিএনপিকর্মীরা পুলিশের উপর চড়াও হওয়ার পর রাতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতকে গ্রেপ্তার করে পুলিশ। অমিত বৃহস্পতিবার রিমান্ডে পাঠানো সুমিতের ভাই।

পুলিশের উপর হামলার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কেও গ্রেপ্তার করা হয়। তিনি এখন কারাগারে রয়েছেন।

পুরনো খবর:

ছাত্রদলের সাবেক সভাপতি হেলালও ‘আটক’