একতরফা নির্বাচনী প্রচার বন্ধ করুন: ইসিকে মওদুদ
নির্বাচনের ‘একতরফা’ প্রচার বন্ধ করে সবার সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
মঙ্গলবার সিলেটে জনসভার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার শুরুর পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিচালনাকারী সংস্থাটিকে এই আহ্বান জানান তিনি।
মওদুদ বলেন, “প্রধানমন্ত্রী আজ আনুষ্ঠানিকভাবে আগামী সংসদ নির্বাচনের প্রচারাভিযানে নেমে গেছেন। তিনি প্রকাশ্যে বলেছেন যে, ডিসেম্বর মাসে নির্বাচন হবে। তিনি সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
“এ ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে, নির্বাচন কমিশনের উচিৎ হবে, হয় তাদের (সরকারি দল) প্রচারণা বন্ধ করে দেওয়া, না হলে আমাদেরকেও সমান সুযোগ দেওয়া, যাতে আমরাও ধানের শীষে ভোট চাইতে নামতে পারি।”
সরকার বিএনপিকে কোনো কর্মসূচিই পালন করতে দিচ্ছে না বলে দাবি করেন মওদুদ।
মওদুদ আহমদ, ফাইল ছবি
“তারা একতরফাভাবে সরকারের সব সুযোগ-সুবিধা নিয়ে নৌকা মাকায় ভোট চাইবেন, আর আমাদেরকে কিছুই করতে দেবে না, এটা তো হতে পারে না।”
“তাই ইসিকে বলব, হয় তাদের প্রচারাভিযান বন্ধ করুন, নইলে আমাদেরকে করার সমান সুযোগ দিন,” বলেন মওদুদ।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে এই প্রতিক্রিয়া সাংবাদিকদের জানান মওদুদ।
