মানুষ মুখিয়ে আছে ব্যালটে সিল মারার জন্য: ফখরুল
আওয়ামী লীগ সরকারের প্রতি বিরূপ হয়ে মানুষ ব্যালটে তার জবাব দিতে মুখিয়ে আছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “মানুষ অপেক্ষা করে আছে যে নির্বাচনের দিনে ভোটে সিলটা মারবে, আর গণেশ উল্টিয়ে দেবে। এই গণেশ হচ্ছে ভারতের পশ্চিম বাংলার কথা। যখন সরকার পাল্টায় তখন বলে যে গণেশ উল্টে গেছে।”
সোমবার নয়া পল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সাংগঠনিক সভায় একথা বলেন কেন্দ্রীয় মহাসচিব।
তিনি দাবি করেন, ভোটের ওই ফল আঁচ করতে পেরে সরকার নির্বাচন থেকে খালেদা জিয়াকে বাইরে রাখতে ‘সাজানো মামলায়’ রায়ের দিন ‘ঠিক করেছে’।
তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন পরাজিত হবেন না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোনোমতেই পরাজিত যাবে না।
“দেশনেত্রী বেগম খালেদা জিয়াক আটকিয়ে রেখেছিল ১/১১ সরকার একবছর। আটকে রাখতে পেরেছিল কি? আওয়ামী লীগ বার বার চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য, পেরেছে কি? পারে নাই।”
তার বক্তব্যের সময় বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছিল- ‘বন্দি হতে দেব না, আমার নেত্রী-আমার মা’, ‘অবৈধ আদালতের রায় মানি না-মানব না’, ‘খালেদা জিয়ার কিছু হলে আগুন জ্বলবে সারাদেশে’।
সরকারের ষড়যন্ত্র রুখতে ‘জনগণের সুনামি’ সৃষ্টি করতে বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ফখরুল।
“আজকে আমাদের লক্ষ্য হবে জনগণের সুনামি সৃষ্টি করা। জনগণকে সেই স্রোতের মতো নিয়ে আসতে আমাদের কাজ করতে হবে।”
তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘“আমরা বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে। সারাটা জীবন আন্দোলন-সংগ্রামের মধ্যে আছি, কখনও সরে যাইনি।
“আপনারা যারা তরুণ আছেন সময় আপনাদের। পরিবর্তন আপনাদেরই আনতে হবে। পরিবর্তন আনতে হলে আপনাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে।”
ঢাকা দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ সহ-সভাপতি শামসুল হুদা, সহ-সভাপতি নবী উল্লাহ নবী, কেন্দ্রীয় নেতা হাবিবুর রশীদ হাবিব, তানভীর আহমেদ রবিন, রফিকুল ইসলাম রবিন, গোলাম মাওলা শাহিন, রাজিয়া আলীম, এস এম জিলানী, নজরুল ইসলাম।
