সাজাই যে হবে, কী করে বুঝলেন: ফখরুলকে কাদের
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হবে-এই তথ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর কীভাবে জেনেছেন সে প্রশ্ন করেছেন ওবায়দুল কাদের।
আগামী ৮ ফেব্রুয়ারি এই মামলার রায় ঘোষণার দিন ঠিক হওয়ার পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “এই অবৈধ সরকার পূর্বেই রায় লিখে রেখেছে। বিচার হবে প্রধানমন্ত্রী যা চাইবেন তাই।”
এর কয়েক ঘণ্টার মাথায় রাতে ফার্মগেইটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ওই প্রশ্ন করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “আমার প্রশ্ন- এই মামলায় আদালত বেগম জিয়াকে সাজা দেবেন এরকম নিশ্চয়তা তাকে (মির্জা ফখরুল) কে দিল? এবং সেটা তিনি আগেভাগে কী করে জানলেন?
“আদালত নির্দোষ করতে পারে, আবার সাজাও দিতে পারে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সরকার এই পর্যন্ত বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করেনি।”
সরকার খালেদা জিয়াকে ‘ভয় পায়’ বলে তাকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন ফখরুল।
তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “সুপ্রিম কোর্ট ষোড়শ সংশোধনীর রায় কী দিয়েছে এটা সবাই জানে। এটা কি সরকারের পক্ষে?
“আর এখন এই মামলা বারবার মির্জা ফখরুল বলার চেষ্টা করছেন, যেন শেখ হাসিনা এই মামলাটা করে বেগম জিয়াকে হেনস্তা করছে। তাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। এটা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি।
“এই মামলা কখন ফাইল হয়েছে? দুদকের মামলা, তখন ফখরুদ্দিন-মইনউদ্দীনের সরকার। মামলা তো এই সরকার দেয়নি। মামলা দিয়েছে বেগম জিয়া যাদেরকে বসিয়েছিলেন, ফখরুদ্দিন সাহেব ও তাদের সৃষ্টি মইনউদ্দীন সাহেব।”
দুদকের মামলায় আওয়ামী লীগ সরকার কীভাবে হস্তক্ষেপ করল, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, “বেগম জিয়া নির্দোষ হলে আমাদের তো কোনো অসুবিধা নেই। আর তিনি সাজা পেলে আমরা কীভাবে রক্ষা করব?
“শেখ হাসিনা সরকারের এখানে কী? তাহলে কি আদালত রায় দিতে পারবে না? আদালত এদেশে বিচার করতে পারবে না?”
সরকার খালেদা জিয়াকে নয়, তার রাজনীতিকে ভয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “বেগম জিয়াকে আমরা ভয় পাই না। আমরা ভয় পাই ২০১৩, ১৪ সালের পেট্রোল বোমাকে। ভয় পায় দেশের মানুষ। তখন দেশে তার (খালেদার) নির্দেশে কত যে মানুষের প্রাণের প্রদীপ নিভিয়ে দিয়েছে।
“রাস্তার হাজার হাজার গাছ কেটে ফেলেছে। গাছ কি আওয়ামী লীগ করে? বিদ্যুৎ কেন্দ্র জ্বালিয়ে দিয়েছে, রাস্তা কেটে ফেলেছে। বেগম জিয়ার এই রাজনীতিকে আমরা ভয় পাই। তাদের নেতিবাচক রাজনীতিকে আমরা ভয় পাই, বেগম জিয়াকে আমরা ভয় পাই না।”
প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ২০১৮-এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
মন্ত্রণালয়ের সচিব মো. সামসুদুল হাছান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, আওয়ামী রীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মীর শওকত আলী বাদশা।
