খালেদাকে নির্বাচনের বাইরে রাখতেই মামলা: আমীর খসরু
খালেদা জিয়ার বিচারাধীন মামলা ‘সরকারের নির্বাচনী প্রকল্পের অংশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, “এই প্রজেক্টের কাজ হল দেশনেত্রীকে আগামী নির্বাচন থেকে বাইরে রাখা। বাংলাদেশের মানুষকে বাইরে রেখে তাদের (আওয়ামী লীগ) ক্ষমতা দখলের একটা প্রক্রিয়া।”
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুটি দুর্নীতি মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দলটির নেতারা দাবি করে এলেও আওয়ামী লীগ নেতারা বলছেন, আদালতের বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
সরকারকে হুঁশিয়ার করে আমীর খসরু বলেন, “এটা দিনের আলোর মতো পরিষ্কার বিষয়। জেনে শুনেই সরকার সেই পথে যাচ্ছে।
“আমি বলতে চাই, সেই পথে না গেলে ভালো করবেন। ওই পথে গেলে আপনাদেরকে আগামী দিনে অনেক বেশি মূল্য দিতে হবে।”
ফাইল ছবি
‘দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে ‘রাজনীতি, স্বার্থ এবং বাংলাদেশে স্বাধীনতা : প্রতিবেশীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন আমীর খসরু।
সদ্য সমাপ্ত রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সেখানে আওয়ামী লীগের ভোট কমেছে ৬০ শতাংশ, বিএনপির ভোট বেড়েছে ৪০ শতাংশ।
“আপনি যদি এই অনুপাতটা সারা দেশে চিন্তা করেন, তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের একটা সিটেও জেতার কারণ আমি দেখতে পাচ্ছি না।”
সংগঠনের সভাপতি কে এম রফিকুল রিপনের সভাপতিত্বে এই আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামসও বক্তব্য রাখেন।
