খালেদার কথা যেন ‘খাঁচাবন্দি সিংহের হুঙ্কার’: হাছান
আওয়ামী লীগকে হটিয়ে ‘গণতন্ত্র ফিরিয়ে’ আনার যে কথা নেতা-কর্মীদের বলেছেন খালেদা জিয়া, তাকে ‘খাঁচাবন্দি সিংহের হুঙ্কার’ বলেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।
সিংহ রাশির খালেদাকে নিয়ে ক্ষমতাসীন দলের মিথুন রাশির জাতক এই নেতা বলেছেন, “আপনার হুঙ্কার হচ্ছে চিড়িয়াখানার খাঁচার মধ্যে আটকা থেকে হুঙ্কার দেওয়া সেই সিংহের মতো। কিছুই করার থাকে না। বেগম খালেদা জিয়া গতকালের হুঙ্কার হচ্ছে খাঁচায় আবদ্ধ সিংহের হুঙ্কার।”
সোমবার জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী হকার্স লীগের এক আলোচনা সভায় একথা বলেন হাছান মাহমুদ।
বিএনপি চেয়ারপারসনের আন্দোলনের ঘোষণায় ২০১৩ ও ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াওয়ের আভাস পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, “বেগম খালেদা জিয়া বলেছেন, সংসদ বহাল রেখে সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। এই বক্তব্যে আবার জ্বালাও-পোড়াওয়ের আভাস আমরা পেয়েছি। তিনি আবার মানুষ পোড়ানোর সঙ্কেত দিলেন।
“তবে জনগণ আপনাদের সেই সুযোগ আবার দেবে না। এটা ২০১৩-১৪-১৫ সাল নয়। এটি ২০১৭ সাল, আর কদিন পর ১৮ সাল।”
হাছান মাহমুদ (ফাইল ছবি)
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ‘পালিয়ে যাওয়ায়’ ‘জ্বালা থেকে’ খালেদা জিয়া রোববার মুক্তিযোদ্ধা দলের সমাবেশে হুঙ্কার দেন বলে মন্তব্য করেন হাছান।
তিনি বলেন, “আমি আশা করেছিলাম, গতকাল মুক্তিযোদ্ধাদের সমাবেশে গিয়ে তিনি বলবেন যে, তিনি যুদ্ধের সময় পকিস্তানিদের সেনানিবাসে কেন ছিলেন? কেন তিনি সমস্ত প্রটোকল ভঙ্গ করে পাকিস্তানের একজন সেনা কর্মকর্তা জেনারেল জানজুয়ার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছিলেন?
“মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের ক্যান্টনমেন্টে থেকে আবার মুক্তিযোদ্ধাদের সমাবেশে গিয়ে তিনি মুক্তিযোদ্ধাদের উপহাস করেছেন।”
“আপনি বলছেন বাংলাদেশ নাকি পাকিস্তানি আদলে চলছে। আপনি পাকিস্তানি ভাবধারায় সাবেক বিচারপতিকে সঙ্গে নিয়ে পাকিস্তানের মতো একটি ষড়যন্ত্র করেছিলেন।
“তবে এটা পাকিস্তান নয়। ষড়যন্ত্রকারী প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে গেছে। প্রধান বিচারপতিকে নিয়ে ষড়যন্ত্রে ব্যার্থ হয়েছেন খালেদা জিয়া তাই তার মনে জ্বালা,” বলেন আওয়ামী লীগ নেতা।
