২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুয়েল গ্রেপ্তার

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2017, 10:51 PM

Updated : 12 Apr 2022, 12:52 AM

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার রাজারবাগের বাসা থেকে কয়েকজন কর্মীসহ জুয়েলকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে যায় বলে সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ জানিয়েছেন।

গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর আদালত থেকে ফেরার সময় দলের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছিলেন জুয়েল।

তাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে খালেদা জিয়া বলেছেন, “সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী নেতৃত্বকে ধ্বংস করতেই সরকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করছে, আর তারই শিকার হল জুয়েল।”

অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি।

এদিকে সংগঠনের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা ও মহানগরগুলোতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু এক বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।