মুক্তিযুদ্ধের সংগঠক আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকী সোমবার
স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, পাকিস্তান জাতীয় পরিষদের (এমএনএ) সাবেক সদস্য অ্যাডভোকেট মো. আজিজুর রহমানের ২৬তম মৃত্যুবার্ষিকী সোমবার।
মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকার ১৯৭১ সালের অগাস্ট মাসে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো ভাগ হলে আজিজুর রহমানকে ৭ নম্বর সেক্টর এবং ৬ নম্বর সেক্টরের অর্ধেক অঞ্চলের জন্যে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় সিভিল অ্যাফেয়ার্স অ্যাডভাইজারের দায়িত্ব দিয়েছিল।
মুক্তিযুদ্ধ চলাকালীন এই পদ মর্যাদায় মোট ১০ জন নিযুক্ত ছিলেন এবং সকলেই ছিলেন এমএনএ।
বৃহত্তর দিনাজপুরের রাজনীতিক আজিজুর রহমানের সদর দপ্তর ছিল ভারতের পশ্চিম দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার তরঙ্গপুরে অবস্থিত মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টর হেডকোয়ার্টারে। একইসাথে তিনি পশ্চিমাঞ্চল প্রশাসনিক ‘ক’ জোনের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।
আজিজুর রহমান ১৯৭১ সালের ৪ মার্চ বৃহত্তর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বৃহত্তর জেলার সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন।
স্বাধীনতা যুদ্ধের শেষধাপে দিনাজপুর এবং ঠাকুরগাঁও শহরে চূড়ান্ত আঘাত হানার পরিকল্পনা প্রণয়নের জন্যে শিলিগুড়ির ভারতীয় ক্যান্টনমেন্টে তিনি জেনারেল জগজিৎ সিং আরোরার সঙ্গে বৈঠক করেন। যার ফলে মিত্র বহিনীর অগ্রগামী দলের সাথে ৪ ডিসেম্বর ঠাকুরগাঁও শহরে ঢুকে স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দেন।
আজিজুর রহমানের জন্ম ঠাকুরগাঁওয়ের মোহম্মদপুর গ্রামে ১৯২০ সালের ১ নভেম্বর। তার বাবা মাওলানা আকিমুদ্দিন সরকার ও মা আলেকজান নেসা।
১৯৯১ সালের ৪ ডিসেম্বর মারা যান আজিজুর রহমান।
